দৌলতদিয়া-শিমুলিয়া ঘাটে ফেরির অপেক্ষায় গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালন্দে দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় গাড়ির সারি। ছবিটি আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে লঞ্চঘাট মোড় থেকে তোলা। ছবি: রাশেদুল হক
গোয়ালন্দে দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় গাড়ির সারি। ছবিটি আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে লঞ্চঘাট মোড় থেকে তোলা। ছবি: রাশেদুল হক

দুই ঘাটে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল সোমবার বিকেল থেকে যানজট সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট কিছুটা কমেছে। মুন্সিগঞ্জের মাওয়া-শিমুলিয়া নৌপথের শিমুলিয়া ঘাটেও গাড়ির চাপ রয়েছে।

আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সিগঞ্জের মাওয়া-শিমুলিয়া নৌপথের শিমুলিয়া ঘাটে আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে গাড়ির চাপ বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন থেকে চারশ গাড়ি পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

যানজটে আটকা যাত্রী সানোয়ার হোসেন বেলা সাড়ে ১১টার দিকে বলেন, সকাল সোয়া নয়টা থেকে তিনি ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছেন। ঢাকা থেকে এসেছেন। খুলনায় যাবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক আশিকুজ্জামান বেলা সাড়ে ১১টার দিকে বলেন, ১৭টি ফেরি দিয়ে তাঁরা গাড়ি পারাপার করছেন। সারিবদ্ধভাবে গাড়ি আসছে। খুব বেশি সমস্যা হচ্ছে না।

আমাদের গোয়ালন্দ প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল সোমবার বিকেল থেকে ফেরি পারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে শতাধিক গাড়ি। সাদ্দাম হোসেন নামে মাগুরা থেকে আসা গরুবাহী এক ট্রাকের চালক বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর গাড়িটি ঘাটে আটকা পড়ে। প্রায় নয় ঘণ্টা অপেক্ষার পরও ফেরিতে ওঠা সম্ভব হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলামের ভাষ্য, ঢাকামুখী পশুবাহী ট্রাকের চাপ বেশি। এ ছাড়া পন্টুনে ত্রুটি থাকায় পদ্মার তিন নম্বর ঘাট বন্ধ ছিল। এ কারণে যানজট বেড়েছে। সকাল ১০টার দিকে ঘাট খুলে দেওয়া হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদের ভাষ্য, যানজট কমাতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।