দৌলতদিয়ার অচলাবস্থা কাটতে আরও দু-তিন দিন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের অচলাবস্থা এখনো কাটেনি। এ অচলাবস্থা কাটতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। চারটি ঘাটের মধ্যে তিনটিই বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রুটে চলাচলকারী যাত্রীদের।
দৌলতদিয়া ঘাট প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ প্রায় বন্ধের উপক্রম হয়েছে। তবে যাত্রীদের এই ভোগান্তি থেকে রেহাই পেতে রোববার প্রশাসনের পক্ষ থেকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তিনটি ঘাট পুরোপুরি বন্ধ হওয়ার পর বর্তমানে একটি ঘাটের মাত্র একটি র্যাম দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে ফেরিতে গাড়ি ওঠানো–নামানো হচ্ছে।
সূত্র জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া ২ ও ৪ নম্বর ঘাট চালুর জোর প্রচেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কাজ করছে। বিআইডব্লিউটিএ বলছে, সওজ সড়কের কাজ কাল মঙ্গলবার বিকেলের মধ্যে শেষ করতে পারলে তারাও ঘাট চালু করতে পারবে। তবে সওজ বলছে, বৃহস্পতিবার সকালের আগে চালু করা কষ্টকর।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান প্রথম আলোকে বলেন, ‘নদীভাঙন পরিস্থিতি এতই খারাপ যে রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দৌলতদিয়ার ১ নম্বর ঘাটের ১০০ ফুটের বেশি পাকা সড়ক পদ্মায় বিলীন হয়ে গেছে। এ ছাড়া ঘাটসংলগ্ন সিদ্দিক কাজীর পাড়ার বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাটও বিলীন হয়ে গেছে। এ সময় স্রোতে ঘাটের র্যামসহ পন্টুনটি ভেসে যায়। রাতেই উদ্ধারকারী জাহাজের সাহায্যে র্যামসহ পন্টুনটি কয়েক শ গজ ভাটিতে স্থানীয় বালুর ঢিবির সঙ্গে আটকে রাখা হয়। ভাঙন না কমা পর্যন্ত ১ নম্বর ঘাট চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিতে পারছি না।’
নিজাম উদ্দিন পাঠান আরও জানান, ২ নম্বর ঘাটটি দ্রুত চালু করতে কাজ চলছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘাটটি চালুর জোর প্রচেষ্টা চলছে। ৪ নম্বর ফেরিঘাট সড়কের অনেকাংশ পদ্মায় বিলীন হওয়ায় গত ২৭ জুলাই থেকে বন্ধ রয়েছে। ওই ঘাটটিও সওজ পাইলিং শেষে বালুভর্তি বস্তা ফেলেছে। মঙ্গলবার রাতের মধ্যে কাজ শেষ হতে পারে। ২ ও ৪ নম্বর ঘাট চালু হওয়ার পর ৩ নম্বর ঘাটের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।
আজ সোমবার দুপুরে দেখা যায়, ১ নম্বর ঘাটের র্যামসহ পন্টুনটি পাশে বালুর ঢিবিতে আটকে রাখা হয়েছে। ২ নম্বর ঘাটে বালুভর্তি বস্তা ও ইট-সুরকি ফেলা হচ্ছে। ৩ নম্বর ঘাটের একটি র্যাম দিয়ে ছোট গাড়ি ও রোগীবাহী অ্যাম্বুলেন্স ফেরিতে ওঠানো–নামানো হচ্ছে। ৪ নম্বর ঘাটটি দ্রুত চালু করতে পাইলিংয়ের সঙ্গে খোয়া-বালু ফেলা হচ্ছে। এ সময় ফেরিঘাটে প্রায় ২০০ বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গতকাল রোববার রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে মানুষের দুর্ভোগ এড়াতে দৌলতদিয়ার পরিবর্তে বিকল্প ঘাট বা অন্য রুট ব্যবহার করে বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহনকে চলাচলের অনুরোধ জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বর্ষা মৌসুমের আগেই ভাঙনের ব্যাপারে বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বারবার অনুরোধ জানানো হয়। কিন্তু কেউ তাতে কর্ণপাত করেনি। সময়মতো ব্যবস্থা নিলে এ অচলাবস্থার সৃষ্টি হতো না বলে জানান তিনি। এ ছাড়া ঘাট রক্ষার দায়িত্ব যাঁদের, তাঁদের অনেকেই ঘাটে থাকেন না বলেও অভিযোগ তাঁর।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, ‘বর্তমানে চারটির মধ্যে তিনটি ঘাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। চালু থাকা ৩ নম্বর ঘাটের একটিমাত্র র্যাম দিয়ে সীমিত আকারে গাড়ি ওঠানো–নামানো করা হচ্ছে। ঘাট–সংকটের কারণে ছোট পাঁচ-ছয়টি ফেরি দিয়ে ছোট গাড়ি পার হচ্ছে। তবে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে।’
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ‘ঘাটের অচলাবস্থা কাটাতে সংশ্লিষ্ট সব বিভাগ রাত-দিন কাজ করছে। হয়তো এ সমস্যা আরও দু-এক দিন থাকতে পারে। আশা করি, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অন্তত একটি ঘাট চালু হবে।’
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার রুমী প্রথম আলোকে বলেন, ৪ নম্বর ঘাট চালু করতে প্রায় ৩০০ মিটার সড়কের কাজ চলছে। এ ছাড়া সড়কের পাশে থাকা দোকানপাট ও গাছপালা সরানোর কাজ চলছে। আগামী বৃহস্পতিবার সকালের আগে ঘাট চালু করা সম্ভব নয়। তবে বিআইডব্লিউটিএ চাইলে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ২ নম্বর ঘাটটি চালু করতে পারে।