পদ্মা নদীতে তীব্র স্রোত ও ভাঙনের কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটটি গতকাল সোমবার দুপুরে বন্ধ হয়ে গেছে। ১ নম্বর ঘাটও বন্ধ আছে চলতি মাসের শুরু থেকে। ভাঙন দেখা দেওয়ায় বাকি দুটি ঘাটও যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থায় ঈদুল আজহা সামনে রেখে যাত্রীদের ভয়ানক দুর্ভোগ পোহাতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঝুঁকি নিয়ে চালু রাখা ২ ও ৪ নম্বর ঘাট যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তেমনটা ঘটলে ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হবে।
সূত্র জানায়, পদ্মা নদীতে গত রোববার সকাল ছয়টা থেকে গতকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত পানি বেড়ে বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ কারণে তীব্র স্রোত ও ভাঙন দেখা দিয়েছে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ২ নম্বর ঘাটের র্যাম-সংলগ্ন সংযোগ সড়কের ২০ ফুটের বেশি অংশ নদীতে বিলীন হয়ে গেলে কর্তৃপক্ষ ঘাটটি বন্ধ করে দেয়। মেরামতের পর দুপুরে এটি চালু করা হয়। এর কিছুক্ষণ পর র্যামের নিচে প্রায় ১৫ ফুট অংশ ভেঙে যাওয়ায় ৩ নম্বর ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। ভাঙনের কারণে ১ নম্বর ঘাট বন্ধ আছে ৬ আগস্ট থেকে। ৪ নম্বর ঘাট এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। ৪ নম্বর ঘাটে যেতে মূল সড়কের প্রায় ৩০ ফুট এলাকা গতকাল ক্ষতিগ্রস্ত হয়। তা সত্ত্বেও ২ ও ৪ নম্বর ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে যান পারাপার চলছে।
এদিকে একে একে ঘাট বন্ধ হয়ে যাওয়ায় ফেরি চলাচলও কমে গেছে। এ অবস্থায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের উভয় দিকের ঘাটে গতকাল সন্ধ্যা পর্যন্ত কয়েক শ গাড়ি আটকা পড়ে।
বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, ঈদ সামনে রেখে বিকল্প কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। সব ঘাট ও ফেরি সচল রাখার চেষ্টা চলছে। ১ নম্বর ঘাটটি অনেক দিন থেকে বন্ধ। কিন্তু এখনো এর মেরামতের কাজ শুরু করা যায়নি।
দৌলতদিয়ার বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল করে ১৯টি ফেরি। এর মধ্যে গতকাল পর্যন্ত চালু ছিল ১৩টি।