দৌলতদিয়ার চ্যানেলে খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নির্বিঘ্নে লঞ্চ ও ফেরি চলাচলের জন্য দৌলতদিয়ার ৪ নম্বর ইউটিলিটি ঘাট বরাবর বিকল্প চ্যানেলটিতে গতকাল মঙ্গলবার খনন শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান বলেন, প্রাথমিকভাবে ১২০ ফুট চওড়া করে এক হাজার ৬০০ ফুট দৈর্ঘ্য রেখে বিকল্প চ্যানেলটি খনন করা হচ্ছে। এখান থেকে প্রায় ৮০ হাজার ঘনমিটার মাটি অপসারণ করা হবে। পরে আরও ১২০ ফুট চওড়া করা হবে।
পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে স্রোত বেড়ে যাওয়ায় কয়েক দিন ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে অ্যাপ্রোচ চ্যানেলের প্রবেশমুখে ডুবোচরের সৃষ্টি হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছিল। এ ঘটনার পর ১ জুলাই থেকে কর্তৃপক্ষ হাইড্রোগ্রাফিক জরিপ কার্যক্রম শুরু করে। তারিকুল হাসান বলেন, হাইড্রোগ্রাফিক জরিপের প্রতিবেদনে দেখা গেছে, বতর্মান অ্যাপ্রোচ চ্যানেলের অন্যান্য স্থানে পানির গভীরতা যথেষ্ট থাকলেও উজান থেকে পলি-বালু চ্যানেলের প্রবেশমুখে এসে পড়ছে। পানির গভীরতা কমে সাত-আট ফুট হওয়ায় নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় উজানে থাকা চরের মাটি চ্যানেলে এসে পড়ে। ফলে প্রায় দুই সপ্তাহ ধরে দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট বরাবর বতর্মান চ্যানেলের প্রবেশমুখে ডুবোচরের সৃষ্টি হয়। প্রায় ৪০০ ফুট দৈর্ঘ্যের ওই ডুবোচরের কারণে কয়েক দফা লঞ্চ ও ফেরি সাময়িকভাবে আটকে যাওয়ার ঘটনা ঘটে।