দৌলতদিয়ার দুটি ঘাট বন্ধ, পাঁচ শতাধিক গাড়ির সারি

দুটি ঘাট বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যান পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল রোববার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি আটকে ছিল। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নিজামদ্দিন পাঠান জানান, দৌলতদিয়ার চারটির মধ্যে পদ্মার ভাঙনে ১১ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টা থেকে ২ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ৪ নম্বর ঘাটের দুটি পকেট থাকলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাকা সড়ক পদ্মায় বিলীন হওয়ায় গত শনিবার রাত থেকে ঘাটটি কার্যত অচল হয়ে পড়ে। বাকি ১ ও ৩ নম্বর ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। বন্ধ থাকা ২ নম্বর ঘাট চালু করতে সেখানে প্রয়োজনীয় উপকরণ নেওয়া হলেও ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুভর্তি জিও ব্যাগ ফেলায় গতকাল বিকেল পর্যন্ত সেখানে কোনো কাজ করা যায়নি। তবে সোমবার থেকে সেখানে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন প্রকৌশলী মো. নিজামউদ্দিন।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা গেছে, ১ নম্বর ঘাটে নোঙর করার জন্য কয়েকটি রো রো ফেরি অপেক্ষা করছে। একটি ফেরি গাড়ি নামানো ও ওঠানোর পর ঘাটটি ছেড়ে গেলে তবেই অপেক্ষায় থাকা অন্য ফেরি ঘাটে ভিড়ছে। ২ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ৪ নম্বর ঘাটে সওজ রাস্তার কাজ শুরু করেনি। দুটি ঘাট বন্ধ থাকায় এবং ঈদ শেষে ঢাকামুখী গাড়ির চাপ বাড়ায় ফেরিঘাট থেকে চার লেন সড়কের শেষ মাথা পর্যন্ত প্রায় তিন কিলোমিটারজুড়ে গাড়ির সারি তৈরি হয়।
পূর্বাসা পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. দৌলত শেখ ও জেআর পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক সুজন মিয়া জানান, ঘাটের যানজট এড়াতে তাঁদের কোম্পানিসহ অনেক কোম্পানির নৈশ কোচগুলো যমুনা সেতু হয়ে ঘুরে ঢাকায় যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, চারটির মধ্যে ১ ও ৩ নম্বর ঘাট সচল রয়েছে। তবে এই ঘাট দুটিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। গতকালও সওজ ৪ নম্বর ঘাটে রাস্তার কাজ শুরু করেনি।