দৌলতদিয়ায় তিন ঘাট বন্ধ, জোড়াতালিতে চলছে একটি

পদ্মার ভাঙনে ফেরিঘাট বন্ধ হয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল প্রায় বন্ধ হতে বসেছে। নদীভাঙন অব্যাহত থাকায় গতকাল শনিবার দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে তিনটি ঘাটই বন্ধ হয়ে যায়। বাকি একটি ছোট ঘাটের মাত্র একটি র্যাম চালু থাকায় জোড়াতালি দিয়ে কোনো রকমে চলছিল গাড়ি পারাপার। কিন্তু আজ রোববার সকাল নয়টার দিকে সে ঘাটটিও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ ঘটনার পর স্থানীয়ভাবে চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে ওই ঘাটটি আংশিকভাবে চালু করা সম্ভব হয়। আজ রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা যায়, ১ নম্বর ফেরিঘাটের র্যাম ও পন্টুন পানিতে ভাসছে। পাশের ২ নম্বর ঘাটের র্যামকে রেকার দিয়ে উঁচু করে রেখে মেরামতের কাজ চলছে। ৩ নম্বর ঘাটে দুপুর ১২টার আগ পর্যন্ত কোনো ফেরি ভিড়তে না পারলেও সোয়া ১২টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে বহনকারী কে-টাইপ ফেরি ‘কপোতী’ ঘাটে এসে ভেড়ে। এ সময় বেশ কিছু ছোট ব্যক্তিগত গাড়ি এবং নদী পাড়ি দেওয়ার জন্য অপেক্ষায় থাকা শত শত মানুষকে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়।
এদিন দুপুরে ঘাট পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ‘বর্তমানে চালু ৩ নম্বর ঘাটের একটি র্যাম দিয়ে জোড়াতালি দিয়ে গাড়ি ওঠানো–নামানো করালেও রোববার সকালে প্রায় তিন ঘণ্টা সেটিও বন্ধ ছিল। এ ছাড়া ঘাটে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। শুধু ব্যক্তিগত ও রোগীবাহী গাড়ি পার হচ্ছে।’
সরেজমিনে দেখা যায়, বরিশাল থেকে ৩৩ জন যাত্রী নিয়ে সোনারতরী পরিবহন গতকাল শনিবার বেলা দুইটায় দৌলতদিয়া ঘাটে যানজটে আটকা পড়ে। ওই বাসের চালক মো. সবুজ জানান, ‘২৩ ঘণ্টা পরও নদী পাড়ি দিতে না পেরে ঘাটেই অপেক্ষা করছি। এখনো ফেরির নাগাল পাইনি। সব বাসের যাত্রী ঘাটে নামিয়ে ফিরে যেতে বলেছে পুলিশ। কিন্তু ঢাকায় গাড়ির কাজ করাতে হবে তাই ফেরিতে ওঠার অপেক্ষা করছি। ৩৩ জনের মধ্যে দুজন যাত্রী আছেন, বাকিরা চলে গেছেন।’ বাসে থাকা ওই দুই যাত্রীর একজন রবিউল ইসলাম (৩০) বলেন, ‘ঢাকার মিরপুরে একটি ওষুধ কোম্পানিতে কাজ করি। বাড়ি এসেছিলাম। কাছে টাকা না থাকায় বাসে বসে আছি। এখন বেলা দেড়টা বাজলেও কিছুই খেতে পারিনি।’
সাতক্ষীরা থেকে চার হাজার মুরগি নিয়ে দুটি ছোট ট্রাকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে শনিবার রাত ১০টার দিকে ঘাটের যানজটে আটকা পড়েন ব্যবসায়ী আবু সাঈদ। তিনি জানান, ৫ লাখ ৮০ হাজার টাকার মুরগি নিয়ে একটি গাড়ি মিরপুর ও অন্যটি মুন্সিগঞ্জ যাবে। রাতভর রাস্তায় থাকার পর দুপুর গড়িয়ে গেলেও তিনি ফেরিতে উঠতে পারেননি। গরমে আটকে থেকে তিন শতাধিক মুরগি মারা গেছে বলে জানান তিনি।

ফরিদপুর থেকে স্ত্রী-কন্যা নিয়ে নবীনগরের উদ্দেশে আনন্দ পরিবহনে ঘাটে আসেন কুয়েতপ্রবাসী আলিম মিয়া। অন্যদের মতো তিনিও দ্রুত লাগেজ ও জিনিসপত্র ফেরিতে রাখেন। কিন্তু তাঁরা ফেরিতে ওঠার আগেই ফেরিটি ছেড়ে দেয়। এ সময় তাঁর স্ত্রী খুশি আক্তার হতাশ হয়ে চিৎকার করতে থাকেন। তিনি বলেন, ‘বিদেশ থেকে আসার পর বাবার বাড়ির উদ্দেশে রওনা করি, কিন্তু ঘাটে এসে পড়ি মহাবিপাকে। ভিড় সামলে ফেরিতে জিনিসপত্র রাখতে পারলেও উঠতে পারিনি।’ তখন এ প্রতিবেদক ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির এক কর্মকর্তার শরণাপন্ন হলে তিনি ফেরির মাস্টারকে ফোন করে জিনিসপত্র নিজ দায়িত্বে রাখার ব্যবস্থা করলে তাঁরা নিশ্চিন্ত হন। এ সময় বেশ কয়েকটি রোগীবাহী অ্যাম্বুলেন্সও ঘাটে আটকে থাকতে দেখা যায়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে আরেকটি নতুন ঘাট তৈরির প্রস্তুতি চলছে। শনিবার বিকেলেই একটি খননযন্ত্র (ড্রেজার) ঘাটে এসে পৌঁছেছে। এ ছাড়া বন্ধ ঘাটগুলো চালু করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেলের বরাত দিয়ে জানান, পাটুরিয়া ঘাটে রোববার বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষায় থাকা প্রায় ২৫০টি যাত্রীবাহী কোচযাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় ফিরে গেছে। এ ছাড়া সাত শতাধিক পণ্যবাহী গাড়ি এখনো ঘাটেই অবস্থান করছে।