দৌলতদিয়ায় তিনটি ঘাট বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

পদ্মার স্রোতের তোড়ে ঘাট ভেঙে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি পারাপার। চারটি ঘাটের মধ্যে তিনটিই বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একটি মাত্র ঘাট দিয়ে কোনো রকমে যাত্রীবাহী বাস পারাপার হলেও সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক ঘাটে আটকে আছে প্রায় তিন দিন ধরে।
এদিকে আজ শনিবার সন্ধ্যা সাতটার পর সব ধরনের বড় আকারের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট আকারের কয়েকটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম।
আজ বিকেলে দৌলতদিয়ার এক নম্বর ফেরিঘাট সড়কের প্রায় ৪০ ফুট অংশ নদীতে বিলীন হলে ঘাটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ এক নম্বর ফেরিঘাটে সড়কের বড় অংশ পদ্মায় বিলীন হয়ে যায়। মুহূর্তে ঘাটের র্যাম দুটি সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ভাসতে থাকে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা এড়াতে ঘাটেই অবস্থানরত উদ্ধারকারী জাহাজ আইটি-৩৮৯ দিয়ে পন্টুনটি ধরে রাখে এবং ঘাট বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ‘বিকেল তিনটা থেকে এক নম্বর ঘাটটি বন্ধ রাখা হয়েছে। দুই নম্বর ইউটিলিটি ঘাটের র্যামের দুই পাশ ও সড়ক ভেঙে যাওয়ায় ফেরি ভিড়তে পারছে না। গত ২৭ জুলাই থেকে ৪ নম্বর ঘাটও বন্ধ রয়েছে। এ ছাড়া ৩ নম্বর ঘাটের মাত্র একটি র্যাম দিয়ে ওয়ানওয়েভাবে ফেরিতে গাড়ি ওঠানামা করছে। তবে সেখানেও ভাঙন থাকায় বন্ধের আশঙ্কা রয়েছে।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঘাটটি চালু করতে ছোট ট্রলিতে করে বস্তাভর্তি ভাঙা ইট ও বাঁশ এনে র্যামের সামনে ও পাশে ফেলে চালুর চেষ্টা করছে। কিন্তু বিকেল পাঁচটার দিকে আবারও বিশাল জায়গা নিয়ে ফাটল দেখা দিলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ দ্রুত আইটি জাহাজ দিয়ে পন্টুন ও রেকার দিয়ে র্যাম দুটিকে টেনে রাখে। ঘাট সংলগ্ন দোকানপাটও সরিয়ে ফেলা হয়েছে।
খাবার হোটেল মালিক মনি ফকির বলেন, ‘ভাই ভাঙনে ঘাটই রেহাই পাচ্ছে না, সেখানে দোকান রেহাই পায় ক্যামনে। তাই সবকিছু ভেঙে আপাতত রাস্তার এক পাশে নিয়ে রাখছি।’ দেখা যায়, তাঁর সঙ্গে কয়েকজন শ্রমিক, হোটেল কর্মচারী ও পরিবারের সদস্যরা হাত লাগিয়ে কাজ করছেন।
এদিকে, ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের দুই পাশে আটকা পড়ছে শত শত যানবাহন। দর্শনা থেকে আসা ‘দর্শনা ডিলাক্স’ এর চালক জুলফিকার আলী বলেন, ‘দুপুর বারোটার দিকে ৩০ জন যাত্রী নিয়ে ঘাটে এসেছি। সোয়া পাঁচটা বাজলেও ফেরিতে উঠতে পারিনি।’ বাসের তত্ত্বাবধায়ক আমজাদ হোসেন জানান, ৩০ জন যাত্রীর মধ্যে কয়েকজন নারী ও শিশু অসুস্থ হয়ে পড়ে। তারাসহ কয়েকজন জরুরি কাজে লঞ্চে নদী পাড়ি দিয়ে চলে যাওয়ায় বাসে যাত্রী রয়েছেন মাত্র ২০ জনের মতো।
বেনাপোল থেকে আসা ট্রাক চালক উজ্জল শেখ জানান, ‘গত বৃহস্পতিবার থেকে ঘাটে আটকা পড়লেও এখনো ফেরিতে ওঠার সুযোগ পাইনি। দুই দিন দুই রাত সড়কে থাকলাম। এখন শুনছি দুটির মধ্যে আরও একটি ঘাট বন্ধ হয়ে গেছে। আইজও সারা রাত সড়কে থাকতে হয় কিনা চিন্তায় আছি।’
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজামউদ্দিন পাঠান বলেন, ‘এক নম্বর ঘাটের ৪০ ফুট সড়ক বিলীন হয়ে গেছে। দ্রুত চালু করার চেষ্টা করা হলেও, আরও ৪০ ফুট জায়গা নিয়ে ফাটল দেখা দিয়েছে। দুই নম্বর ঘাটে র্যাম সমস্যায় ফেরি ভিড়ছে না। তিন নম্বর ঘাটটিরও একটি র্যাম বন্ধ রয়েছে।’