দৌলতদিয়ায় দুটি ফেরিঘাট বন্ধ, দীর্ঘ যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার তীব্র ভাঙনে রাজবাড়ীর দৌলতদিয়ায় চারটি ফেরিঘাটের দুটিই বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট দুটি ঘাট দিয়ে যানবাহন পার করতে গিয়ে দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষ।
চারটি ফেরিঘাটের মধ্যে ২ নম্বর ঘাটটি গত রোববার থেকে বন্ধ। গতকাল বিকেলে বন্ধ করে দেওয়া হয় ৪ নম্বর ঘাট। আর ৩ নম্বর ঘাটের র্যাম্পের নিচ থেকে সংযোগ সড়কের মাটি ধসে যাওয়ায় সেটিও গতকাল সন্ধ্যা সাতটার দিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক ঘণ্টা পর সেটি আবার চালু হয়। বর্তমানে ১ ও ৩ নম্বর ঘাট দিয়ে গাড়ি পারাপার চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সড়কের প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১০ ফুট চওড়া অংশ পদ্মায় বিলীন হয়। সেই সঙ্গে র্যাম্পের নিচে থাকা সংযোগ সড়কের ৮ ফুটেরও বেশি ধসে গেছে। এতে র্যাম্প মাটিশূন্য হয়ে পড়ায় এবং যানবাহন চলাচলের পাকা সড়ক প্রায় বিলীন হয়ে যাওয়ায় ঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে রোববার সন্ধ্যার পর থেকে বন্ধ রয়েছে ২ নম্বর ঘাট। ভাঙন তীব্র আকার ধারণ করায় আপাতত ২ ও ৪ নম্বর ঘাট চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
মো. শাহ আলম বলেন, ৩ নম্বর ঘাটের র্যাম্পের নিচ থেকে কিছু মাটি ধসে যাওয়ায় সাময়িকভাবে ঘাটটি বন্ধ রেখে রেকার দিয়ে র্যাম্প ওপরের দিকে টেনে তোলা হয়েছে। রাত আটটায় ঘাটটি আবার চালু হয়েছে।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পদ্মার মোড় পর্যন্ত দুই সারিতে শত শত গাড়ি নদী পারাপারের অপেক্ষায় আছে। এ ছাড়া ঘাট থেকে দক্ষিণাঞ্চলমুখী গাড়ির একটি সারি থাকায় মহাসড়কে ঠিকমতো হেঁটে চলার উপায় নেই। যানজট এড়াতে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদ মাঠে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার গাড়ি যাত্রীদের নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। এসব যাত্রী গোয়ালন্দ থেকে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে ফেরিঘাটে যাচ্ছেন।
মাগুরা থেকে আসা ইয়াকুব হোসেন বলেন, ‘শনিবার অফিস খুলছে, তাই আজই রওনা করেছি। কিন্তু এ কী দুর্ভোগ! মাথায় ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করেছি।’
সরেজমিনে দেখা গেছে, ঘাটের যানজট এড়াতে গোয়ালন্দের পদ্মার মোড় এলাকা থেকে মাহেন্দ্র, অটোরিকশাসহ বিভিন্ন ছোট গাড়ি গোয়ালন্দ বাজার হয়ে পূর্ব উজানচর দিয়ে চর দৌলতদিয়া হয়ে ঘাটে যাচ্ছে। এতে ১০ থেকে ১২ কিলোমিটার পথ বেশি ঘুরতে হচ্ছে। কিন্তু সেই পথেও দীর্ঘ জট।