আকস্মিক ঝড়ে গতকাল রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার সব কটি (চারটি) ঘাটের পন্টুন কয়েক ফুট করে ওপরে উঠে গেছে। এতে করে সব ঘাট দিয়েই ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ করে ঝোড়ো বাতাস ওঠে। এ সময় উভয় ঘাট থেকে ছেড়ে আসা ছয়টি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। অধিকাংশ ফেরি দ্রুত সাবধানের সঙ্গে ঘাটে ভিড়ে গেলেও গোলাম মওলা ও কেরামত আলী নামক দুটি রো রো ফেরি সহজে ঘাটে ভিড়তে পারেনি। এ ছাড়া প্রচণ্ড ঝোড়ো বাতাসে দৌলতদিয়ার চারটি ঘাটের সব কটি র্যা মসহ পন্টুন ঘাট থেকে সরে ওপরে উঠে যায়। এমনকি বাতাসের কারণে এদিক-সেদিক স্থানচ্যুত হয়ে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কোনো ঘাটই মেরামত না হওয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল। এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে উঠতে না পারায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ক্রমান্বয়ে গাড়ির লাইন দীর্ঘ হচ্ছিল।
এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল সকাল সাতটার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝনদীতে আটকা পড়ে চারটি ফেরি। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে আটটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।