দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ছয় শতাধিক যান আটকা
ফেরিস্বল্পতার কারণে দুই দিন ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত এই দীর্ঘ সারি সৃষ্টি হয়। দুই ঘাট মিলিয়ে আটকে ছিল ছয় শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সকালে হাইড্রোলিক পাম্প সমস্যার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়। এর আগে গত সোমবার রাতে একই সমস্যার কারণে ফেরিটি ঠিক করে ভোররাতের দিকে চালু হয়। কিন্তু মাত্র ছয় ঘণ্টা চলার পর সেটি পুনরায় বিকল হয়ে যায়। এর আগে সোমবার বিকেলে রো রো ফেরি খানজাহান আলী যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে প্রায় ছয় ঘণ্টা পর চালু হয়। এ ছাড়া নয় দিন দিন ধরে যান্ত্রিক ত্রুটিতে মধুমতিতে রয়েছে কে-টাইপ ফেরি কপোতি ও কাবেরী। আবার ১০ দিন আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে রো রো ফেরি শাহ মখদুমকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়। ঈদের দুই দিন আগে জরুরি ভিত্তিতে ইউটিলিটি ফেরি হাসনা হেনাকে এই নৌপথ থেকে অন্য নৌপথে দেওয়া হয়। এদিকে রাত হলেই পাঁচটির মধ্যে মাত্র এক থেকে দুটি ইউটিলিটি ফেরি চলে। অথচ বিআইডব্লিউটিসি ঈদের সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ছোট-বড় ১৮টি ফেরি চালু করে। এ ছাড়া মাওয়া-কাওড়াকান্দি পথের অনেক গাড়ি এই রুট ব্যবহার করার কারণেও যানবাহন আটকা পড়ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পর্যাপ্ত ফেরি থাকলেও বেশ কয়েকটি বিকল হওয়ায় এবং রাতে অধিকাংশ ইউটিলিটি ফেরি বন্ধ রাখায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া নদীতে প্রবল স্রোতের কারণেও সময় বেশি লাগছে। ফলে বিকেল পাঁচটা পর্যন্ত পাটুরিয়ায় অন্তত ২৫০টি ট্রাক, ৫০টি যাত্রীবাহী বাস এবং দৌলতদিয়ায় ২৫০টি পণ্যবাহী ট্রাক, ৫০টি যাত্রীবাহী বাস পার হওয়ার অপেক্ষায় আছে।