দৌলতপুর উপজেলা সদরের প্রধান সড়ক বেহাল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরের প্রধান সড়কটির কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বেহাল সড়কটির কারণে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে দৌলতপুর থানার সামনে থেকে তারাগুনিয়া থানা মোড় পর্যন্ত ছয় কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়কটির কার্পেটিং উঠে যেতে থাকে। সম্প্রতি টানা বৃষ্টির কারণে সড়কটির অবস্থা মারাত্মক খারাপ হয়ে যায়। দৌলতপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দৌলতপুর অনার্স কলেজ এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যোগাযোগের একমাত্র সড়ক হওয়া সত্ত্বেও সড়কটি সংস্কার করা হচ্ছে না। বেহাল সড়কের কারণে সময়মতো কর্মস্থলে যেতেও পারছেন না বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের জন্য স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা গত মাসে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সওজ ২০০৩ সালে সড়কটির দুই পাশ বর্ধিতকরণ ও সংস্কার করে। তখন ওই কাজ নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠে।
সরেজমিনে দেখা গেছে, বেশ কিছু স্থানে সড়কটির বিটুমিন, পাথর এবং ইটের খোয়া উঠে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বেশির ভাগ অংশে পাথর ও বিটুমিনের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
দৌলতপুর উপজেলা পরিষদের কর্মকর্তা আবদুর রশীদ বলেন, প্রতিদিনই এই সড়ক দিয়ে মাঠপর্যায়ে কাজ করতে যেতে হয়। বেহাল সড়কটি দিয়ে যেতে গিয়ে ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি অনেক সময় নষ্ট হয়।
নাম প্রকাশ না করার শর্তে দৌলতপুর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, থানা মোড় পর্যন্ত সড়কটি ভেঙে জরাজীর্ণ হওয়ায় জরুরি কোনো অভিযানে যেতে সময় অনেক বেশি লেগে যায়। সড়কটি দিয়ে নিয়মিত চলাচল করা যানবাহনের কয়েকজন চালক বলেন, প্রায় প্রতিদিনই এই সড়কে কোনো না কোনো গাড়ি বিকল হওয়ার ঘটনা ঘটে।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, সড়কের বেহাল অবস্থার কথা স্কুলের শিক্ষার্থীরা তাঁকে জানিয়েছে। এরপর সরেজমিনে দেখে ঘট্নার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা সমন্বয় সভায় সওজের কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ব্যাপারে গত মঙ্গলবার যোগাযোগ করা হলে সওজের কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল (বর্তমানে যশোরে কর্মরত) প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারের জন্য একটি বড় ধরনের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী বছরের মধ্যে সড়কটি পুনর্নির্মাণ করা যাবে।