
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অসংখ্য ঘরবাড়ি। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীগর্ভে চলে গেছে মাত্র দুই বছর আগে নির্মাণ করা ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয় ভবনের একাংশ। এ ছাড়া এক সপ্তাহের মধ্যে নদীর পেটে গেছে অন্তত ৭০টি বসতবাড়ি।
ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে আরও তিনটি বিদ্যালয়সহ পাঁচটি প্রতিষ্ঠান। কিন্তু ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে চরম ক্ষুব্ধ সেখানকার লোকজন। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে নদীতীরের বাসিন্দাদের।
গতকাল শুক্রবার দুপুরে ইসলামপুর এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মায় পানিবৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এক সপ্তাহে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ৭০টি বসতবাড়ি। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে সেখানকার শতাধিক বাড়িঘর নদীগর্ভে চলে গেছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের নতুন ভবনটির এক মাথা থেকে প্রায় অর্ধেক নদীতে ভেঙে পড়েছে। বিদ্যালয়টির গ্রন্থাগারিক জহুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পঁাচটার দিকে হঠাৎ করে বিদ্যালয়ের বাঁ পাশের প্রায় ২০ ফুট জায়গা নদীতে ধসে পড়ে। এতে কয়েক মিনিটের মধ্যেই বিদ্যালয়টি ভবনটির একাংশ নদীতে ভেঙে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘দুই বছর আগে প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। তখন পদ্মা প্রায় আধা কিলোমিটার দূরে ছিল। দুই মাস আগে ভাঙতে ভাঙতে নদী বিদ্যালয় ভবনের ২০ হাতের মধ্যে চলে আসার পর বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছিল। কিন্তু তারা স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি।’
এলাকায় ঘুরে দেখা যায়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়, ফিলিপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও একটি মসজিদ ভাঙনের মুখে রয়েছে। ভাঙন রোধে দ্রুত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে এই প্রতিষ্ঠানগুলোও নদীগর্ভে চলে যেতে পারে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইসলামপুর থেকে ফিলিপনগর পর্যন্ত তিন কিলোমিটারে গত এক মাসে ৩০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৯০ হাজার বালুর বস্তা ফেলা হয়েছে। কিন্তু পানির স্রোতে সব তলিয়ে গেছে।’
তবে প্রকৌশলীর ওই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক। তিনি প্রথম আলোকে, ‘৯০ হাজার বালুর বস্তা ফেলার প্রশ্লই আসে না। বড়জোর ৮ থেকে ১০ হাজার বালুর বস্তা ফেলা হয়েছিল।’