দৌলতপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত মঙ্গলবার বিকেলে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় ২২ ঘণ্টা পর গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।
বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন দৌলতপুর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া গ্রামের ভাশান আলীর স্ত্রী নাজনীন আক্তার (২৫), হোগলবাড়িয়া ইউনিয়নের জয়ঘোগা গ্রামের হযরত আলীর ছেলে লিটন আলী (৩০) এবং রিফায়েতপুর ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হাজেরা খাতুন (৪০)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নাজনীন বিকেলের দিকে বাড়ির বারান্দায় বসে ছিলেন। বৃষ্টির সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইছাহক আলী বলেন, লক্ষ্মীকোলা গ্রামে বাড়ির পাশে পটলের খেতে কাজ করছিলেন শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন। এ সময় বজ্রপাত হলে দুজনই আহত হন। পরে হাজেরা খাতুনের মৃত্যু হয়।
হোগলবাড়িয়া ইউপির চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, বৃষ্টির সময় জয়ঘোগা গ্রামের লিটন আলী মুঠোফোনে গান শুনছিলেন। একপর্যায়ে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
এদিকে মঙ্গলবার বিকেলে বজ্র-বৃষ্টির সময় পুরো উপজেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারাগুনিয়া গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক আহমেদ রাজু বলেন, বজ্র-বৃষ্টির সময় থেকে এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও এলাকায় আসেননি।
দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার বলেন, ‘একজনের মৃত্যুর খবর জানি। বাকিদের খোঁজ নিয়ে দেখছি।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মঙ্গলবার বিকেল থেকেই পুরো উপজেলায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
গতকাল বেলা পৌনে তিনটার দিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মিলন কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, বজ্রপাতে বিদ্যুৎ লাইনের বেশ কয়েক জায়গায় সমস্যা দেখা দিয়েছিল। সেটা সচল করতে সময় লেগেছে। বেলা ২টা ৪০ মিনিটে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।