জমি নিয়ে জটিলতার কারণে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আহলিয়া খাল পুনঃখননের কাজ ১৫ দিন ধরে বন্ধ রয়েছে৷ এতে দৌলতপুর ও ঘিওর উপজেলার কয়েক হাজার হেক্টর জমির সেচসুবিধা পেতে দেরি হওয়ায় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন৷ দ্রুত খালটি খনন সম্পন্ন না হলে চলতি বর্ষা মৌসুমে খালের পানি সেচের জন্য ব্যবহার করা সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা৷
স্থানীয় ধামশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী এবং মানিকগঞ্জ বারের আইনজীবী আলেক মিয়ার মধ্যে বিরোধ নিয়ে এই জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে৷
জেলা কৃষি বিভাগ, এলাকাবাসী এবং ঠিকাদাির প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কৃষকের সেচসুবিধার জন্য চলতি বছরের শুরুতে দৌলতপুরের কলিয়া ইউনিয়নের আহলিয়া এলাকা থেকে ঘিওরের সিংজুরী পর্যন্ত ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূিচ হাতে নেয় কৃষি উন্নয়ন সংস্থা (সেচ প্রকল্প)৷ ছয়টি প্যাকেজের মাধ্যমে খাল পুনঃখননের জন্য ব্যয় ধরা হয় প্রায় ৮০ লাখ টাকা৷ ঘিওরের সিংজুরীর ধলেশ্বরী নদীর উৎসমুখ এবং আহলিয়া এলাকায় যমুনার উৎসমুখ থেকে দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নের মোখলেজা মৌজা পর্যন্ত খাল পুনঃখনন করা হয়৷ এরপর জমি নিয়ে জটিলতা থাকায় ওই মৌজায় প্রায় সাড়ে তিন শ মিটার খাল খনন বন্ধ হয়ে যায়৷
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, মোখলেজা মৌজায় খাল পুনঃখননের কাজ বন্ধ রয়েছে৷ মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু (খননযন্ত্র) খালের পাশে বন্ধ করে রাখা হয়েছে৷ খননকাজ বন্ধ থাকায় স্থানীয় কৃষকেরা এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেন৷
ধামশ্বর ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামের জালাল উদ্দিন, কাকরাখী গ্রামের মো. ফয়জুদ্দিন এবং সিংজুরী ইউনিয়নের নাটুয়াবাড়ি গ্রামের রহিজ উদ্দিনসহ স্থানীয় কৃষকেরা জানান, এই খালের পারের আশপাশে কয়েক হাজার হেক্টর ফসলি জমি রয়েছে৷ পুনঃখনন না করায় দীর্ঘদিন ধরে খালটিতে পানি ঢোকে না৷ এতে খালসংলগ্ন এলাকার ফসলি জমি প্রাকৃতিক সেচসুবিধার বাইরে ছিল৷ অতিরিক্ত অর্থ ব্যয় করে শ্যালোইঞ্জিনের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হতো৷ খালটির খনন সম্পন্ন হলে অল্প খরচে তাঁরা সেচকাজ করতে পারতেন৷
খাল পুনঃখননকাজে নিয়োজিত ঠিকাদার আকরাম হোসেনও পড়েছেন বিপাকে৷ তিনি বলেন, খনন বন্ধ থাকলেও প্রতিদিন ভেকুর ভাড়া ও শ্রমিক বাবদ তাঁর ১৫ থেকে ২০ হাজার টাকা গুনতে দিতে হচ্ছে৷ তিনি বলেন, মোখলেজা মৌজার পশ্চিম অংশ দিয়ে খালটি খনন করতে গেলে স্থানীয় ধামশ্বর ইউপির চেয়ারম্যান ইদ্রিস আলী খননকাজ বন্ধ করে দেন৷ পূর্ব দিক দিয়ে খনন করতে গেলে জমির দাবিদার আলেক মিয়া বাধা দেন৷ তাই ১৫ দিন ধরে খাল খনন বন্ধ রয়েছে৷
ইদ্রিস আলী বলেন, আলেক মিয়া খাস জমি নিজের দাবি করে আদালতে মিথ্যা মামলা করেছেন৷ আর খাস জমির পরিবর্তে তাঁর (ইদ্রিস) জমির ওপর দিয়ে খাল খনন করায় তিনি তাতে বাধা দেন৷ তবে আলেক মিয়া দাবি করেন, খাস জমিতে নয়, খালটি তাঁর ব্যক্তিগত জমির ওপর দিয়ে খননের উদ্যোগ নেওয়া হয়৷ এ কারণে তিনি জজ আদালতে মামলা করেছেন৷ তবে ঠিকাদার আকরাম হোসেন বলেন, তিনি (আলেক) যে জায়গা নিজের দাবি করেছেন তা খাস জমি৷
বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (সেচ প্রকল্প) মানিকগঞ্জের সহকারী প্রকৌশলী ওমর আলী বলেন, সমস্যার সমাধান নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা চলছে৷