দৌড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো এক হাজার কিলোমিটারের বেশি দৌড়াবেন এক দৌড়বিদ। টেকনাফ থেকে শুরু করবেন। থামবেন তেঁতুলিয়ায়। ১৫ ফেব্রুয়ারি টেকনাফের দক্ষিণপাড়া গ্রাম থেকে দৌড় শুরু করে ১৫ থেকে ১৮ দিনে তিনি পাড়ি দেবেন দীর্ঘ এই পথ। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক পতাকা হস্তান্তর করেন আরাফাতের হাতে। এই দৌড়ে সহযোগিতা করছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই দৌড়বিদের নাম মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে দুবার সাঁতরে বাংলা চ্যানেল (টেকনাফ-সেন্ট মার্টিন চ্যানেল) পাড়ি দিয়েছেন। গত বছর অংশ নিয়েছেন ভারতের মেঘালয়ে অনুষ্ঠিত ‘সোহ্রা-চেরাপুঞ্জি ম্যারাথনে’। এবারের দৌড়ে তিনি পাড়ি দেবেন প্রায় ২৩টির বেশি ম্যারাথন দূরত্ব। আরাফাত জানান, তিনি প্রতিদিন ৫০ থেকে ৮০ কিলোমিটার দৌড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছেন।