দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন এসআই
দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচেই কাটা পড়ে প্রাণ হারালেন গাজীপুর আদালতের উপপরিদর্শক (এসআই) অজুফা আক্তার (৩৮)। গতকাল রোববার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা-পুলিশ জানায়, অজুফার বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামে। তিনি গাজীপুরের জয়দেবপুর আদালতে চাকরি করতেন। ছুটি নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। কর্মস্থলে ফিরতে গতকাল সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আসেন। সঙ্গে ছিল তাঁর মেয়ে পলি ও কাজের মেয়ে। ট্রেনটি সকাল পৌনে সাতটায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছেড়ে যাচ্ছিল।
অজুফার অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়ে পলি আক্তার বলে, ‘আমরা প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেনটি ছেড়ে যাচ্ছে। দৌড়ে ট্রেনের কাছে যাই এবং চলন্ত অবস্থায় উঠার চেষ্টা করি। মা আগে উঠার চেষ্টা করে। আমরা তখন মায়ের পেছনে। হঠাৎ দেখি মা ট্রেনের নিচে চলে গেছে।’
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে অসতর্কভাবে উঠতে গিয়ে অজুফা আক্তার দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অজুফার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।