দৌড়ে দৌড়ে চিকিৎসাসেবা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে রোগী দেখছেন চিকিৎসক নাজিম উদ্দীন৷ তাঁর সামনে লাইনে দাঁড়িয়ে আছে আরও ১০ জন রোগী৷ কয়েক মিনিট পর এক সেবিকা এসে জানান, বহির্বিভাগের রোগীদের সামাল দেওয়া যাচ্ছে না৷ নাজিম উদ্দীন গেলেন সেখানে৷ ১০ মিনিট রোগী দেখার পর আরেক সেবিকা তাঁকে ফোন করে জানান, জরুরি বিভাগে পেটের ব্যথা নিয়ে এক নারী এসেছেন৷ নাজিম উদ্দীন সেখানে চলে যান৷ ওই নারীকে সেবা দিয়েই আবার তিনি রোগী দেখতে চলে যান দোতলায়৷
গত সোমবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ দৃশ্য দেখা গেছে৷ চিকিৎসক নাজিম উদ্দীন ওই হাসপাতালের অবেদনবিদ৷ ওই দিন এ হাসপাতালে কর্মরত তিনজন চিকিৎসকের মধ্যে শুধু তিনিই উপস্থিত ছিলেন৷ এ কারণে তঁাকে দৌড়ে দৌড়ে চিকিৎসাসেবা দিতে হয়েছে৷
এ রকম দৌড়াদৌড়ির কারণ জানতে চাইলে নাজিম উদ্দীন বলেন ‘ভাই, আমিই আরএমও, আমিই জরুরি বিভাগে থাকছি, আমিই বহির্বিভাগে আছি, আমিই সব৷ চিকিৎসক নেই, কী করব৷ রাতেও আট ঘণ্টা দায়িত্ব পালন করেছি৷ ঘুম নেই৷ সকালেও দেখতে হচ্ছে সবদিক৷’
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, ৫০ শয্যার এ হাসপাতালে ১৬ জন চিকিৎসকের মধ্যে রয়েছেন মাত্র তিনজন৷ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দীন, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) সফর আলী ও অবেদনবিদ নাজিম উদ্দীন৷ আর সেবিকা আছেন ১৬ জন৷ সোমবার সকালে আকুল উদ্দীন ও আটজন সেবিকা কুষ্টিয়ায় প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন৷
হাসপাতাল ঘুরে জানা গেল, প্রায় পাঁচ বছর ধরে একমাত্র এক্স-রে যন্ত্রটি নষ্ট হয়ে পড়ে আছে৷ আলট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র নতুন অবস্থায় ভান্ডারকক্ষে পড়ে আছে৷ রোগীরা বেশি টাকা দিয়ে হাসপাতালের বাইরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করায়৷
ভর্তি রোগী দীপালি খাতুনের অবস্থা বেলা একটার দিকে খারাপ হয়ে যায়৷ এতে তাঁর স্বামী উত্তেজিত হয়ে সেবিকার সঙ্গে বাগ্িবতণ্ডা করেন৷ এ সময় সেবিকা ফোন করেন নাজিম উদ্দীনকে৷ অপর প্রান্ত থেকে বলা হয়, ‘ওষুধ দেওয়া হয়েছে৷ আধা ঘণ্টার মধ্যে অবস্থার পরিবর্তন না হলে রোগীকে কুষ্টিয়ায় স্থানান্তর করে দেন৷’
আকুল উদ্দীন জানান, মাত্র ১০ দিন হলো তিনি যোগদান করেছেন৷ কুষ্টিয়ার সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান বলেন, ‘দৌলতপুরে চিকিৎসক নেই৷ বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে৷ আশা করছি, খুব দ্রুত ওই শূন্যপদগুলোয় চিকিৎসক দেওয়া সম্ভব হবে৷’