ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা থেকে টরকী হাইস্কুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটি গত ২১ বছরেও সংস্কার করা হয়নি। সড়কটিতে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে মানুষ।
পৌরসভা সূত্রে জানা গেছে, টরকী বন্দরের ব্যবসায়ীদের সুবিধার্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল কার্যালয় ১৯৯৪ সালে মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা থেকে টরকী হাইস্কুল পর্যন্ত সড়কটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করে। পরে গৌরনদী পৌরসভা ঘোষিত হলে সড়কটি পৌরসভার অধীনে চলে যায়। এরপর ২১ বছরেও সড়কটির সংস্কার করা হয়নি।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের নীলখোলা আনোয়ারা কিন্ডারগার্টেন থেকে সড়কটি শুরু হয়ে টরকী বন্দরে শেষ হয়েছে। সড়কটির দুই পাশে রয়েছে টরকী হাইস্কুল, টরকী গার্লস স্কুলসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কটি দিয়ে প্রতিদিন সহস্রাধিক শিক্ষার্থীসহ ব্যবসায়ী ও সাধারণ মানুষ চলাচল করে। সড়কটির বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে। সড়কজুড়ে খানাখন্দ। কয়েকটি জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেগুলোর মধ্যে বৃষ্টির পানি জমেছে। কয়েক বছর ধরে এ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।
বন্দরের ব্যবসায়ী বদিউজ্জামান, আলমগীর হোসেন, সফিকুল ইসলামসহ অনেকেই বলেন, টরকী বন্দর থেকে প্রতিবছর কোটি টাকার রাজস্ব আয় হয়। অথচ ব্যবসায়ীদের চলাচলের সড়কটির বেহাল অবস্থা।
এ বিষয়ে গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দ্রুত এটি চলাচলের উপযোগী করা হবে।