দেড় কিলোমিটারের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কালুরঘাট এলাকার বিসিক শিল্পনগরীর প্রবেশমুখের সড়কটি দেড় কিলোমিটার দীর্ঘ। টানা বৃষ্টিতে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় তিন মাস ধরে এ অবস্থা চললেও সংস্কারের উদ্যোগ নেই। এতে কারখানার কাঁচামাল ও পণ্য আনা-নেওয়ার কাজে সমস্যা হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন কারখানার শ্রমিক ও মালিকেরা।
বিসিক শিল্প এলাকার বিভিন্ন কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২৩টি কারখানায় প্রতিদিন পণ্য ও কাঁচামাল আনা-নেওয়ার কাজে এই সড়ক দিয়ে ২০০ ট্রাক চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য আনা-নেওয়ার কাজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া শিল্প এলাকার প্রায় ৩০ হাজার শ্রমিক আনা-নেওয়ার কাজে প্রতিদিন ২০০ বাস চলে। কিন্তু সড়কের দুরবস্থার কারণে মালিক-শ্রমিক সবাইকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত বৃহস্পতিবার বিসিক শিল্প এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের অনেক অংশে হাঁটাও দায়। বৃষ্টির পানি জমে গর্তগুলো হয়ে উঠেছে জলাশয়। শিল্প এলাকার প্রবেশমুখের সঙ্গে লাগোয়া এফআইডিসি সড়কের অবস্থাও একই। পিচ উঠে গিয়ে এবং গর্ত সৃষ্টি হওয়ায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
ওয়েল গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) কাজী সাইফুল প্রথম আলোকে বলেন, সড়কের দুরবস্থার কারণে শ্রমিকদের বহনকারী গাড়ি ঢুকতেও সমস্যা হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কথা বিসিকের কর্মকর্তাদের অনেকবার জানানো হয়েছে। কিন্তু এখনো সংস্কার করা হয়নি।
গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিল্প এলাকায় ঢোকার পথে সড়কের গর্তে আটকে যায় সিএনজিচালিত অটোরিকশা। চালক মোহাম্মদ জাভেদ ক্ষোভের সঙ্গে বলেন, ‘রাস্তায় বড় বড় সব গর্ত। যেন পুকুর। গাড়ি চালানো খুব কষ্ট।’
শিল্প এলাকার মোহরা এশিয়ান গার্মেন্টসের কর্মী মোহাম্মদ মিজান ও হাবিবুর রহমান বলেন, গাড়িচালকেরা ভেতরে আসতে চান না। হেঁটে কারখানায় আসতে হয়।
বিসিক শিল্পনগরী কার্যালয়ের কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, সড়কের অবস্থা আগে ভালোই ছিল। কিন্তু টানা বৃষ্টিতে পানি জমে সড়ক খারাপ হয়ে গেছে। শিল্প এলাকা হওয়ায় ভারী যান চলাচল করায় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক সংস্কারের বিষয়টি প্রধান কার্যালয়কে জানানো হবে।
আরাকান সড়ক থেকে বিসিক শিল্প এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এফআইডিসি সড়কে পিচের কোনো চিহ্ন নেই। এই সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের।
জানতে চাইলে সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. এস এম আইয়ুব প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ এফআইডিসি সড়কটি ঠিক করা হয়। কিন্তু বৃষ্টিতে আবার নষ্ট হয়ে গেছে। বৃষ্টি না থামায় সংস্কার করা যাচ্ছে না। রোদ উঠলেই সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।