দেড় কিলোমিটার অংশ খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাকহাটী-বাগেশ্বর-মুন্সিগঞ্জ সড়কের ঘাসিপুকুরপাড় এলাকার সড়ক বেহাল। গতকাল তোলা ছবি l প্রথম আলো
মুন্সিগঞ্জের মাকহাটী-বাগেশ্বর-মুন্সিগঞ্জ সড়কের ঘাসিপুকুরপাড় এলাকার সড়ক বেহাল। গতকাল তোলা ছবি l প্রথম আলো

মুন্সিগঞ্জের সদর উপজেলার মাকহাটী-বাগেশ্বর-মুন্সিগঞ্জ সড়কের দেড় কিলোমিটার অংশে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঘাসিপুকুরপাড়ে সড়কটির একটি অংশ খালে ধসে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়কটির সাতআনিখিল এলাকা থেকে ঘাসিপুকুরপাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বাগেশ্বর বাজার থেকে ঘাসিপুকুরপাড় অংশে খানাখন্দের কারণে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে ছোট-বড় ও মাঝারি ধরনের বহু যানবাহন চলাচল করে।
গতকাল বুধবার দেখা যায়, বাগেশ্বর-ঘাসিপুকুরপাড় অংশে বড় বড় গর্ত থাকায় ভ্যান ও রিকশা ঠিকমতো চলতে পারছে না। ঘাসিপুকুরপাড়ে সড়কের পূর্ব পাশ খালে ধসে পড়েছে। এর ডান পাশে সরু পথ দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। বাগেশ্বরের বাসিন্দারা রাতের বেলা যানবাহনকে সতর্ক করে দিতে বড় বড় গর্তে বাঁশের খুঁটিতে লাল নিশান পুঁতে দিয়েছেন।
বাগেশ্বর বাজারের আবুল মাদবর (৫০) বলেন, দুই থেকে আড়াই বছর ধরে সড়কের এ হাল। দিন দিন বৃষ্টির পানি জমে গর্ত অনেক বড় হয়ে গেছে। এসব গর্তে প্রায়ই গাড়ির চাকা পড়ে গাড়ি উল্টে যাত্রীরা আহত হচ্ছে।
ঘাসিপুকুরপাড় সড়কের পাশেই বাড়ি জয়নাল আবেদীনের। তিনি বলেন, দুই বছর আগে সড়ক ভেঙে খালে চলে গেছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই। একই এলাকার কাশেম পোদ্দার বলেন, দুই বছর আগে তাঁর ছেলে মাহমুদুল্লাহ টেম্পোতে করে বাড়ি ফিরছিলেন। বাগেশ্বর বাজারে সড়কের গর্তে চাকা পড়ে টেম্পো উল্টে পাশের খালে পড়ে যায়। এতে মাহমুদুল্লাহ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, লোহারপুল থেকে মাকহাটী হয়ে আলদীবাজার পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের মাঝখানের অংশ সাতআনিখিল থেকে ঘাসিপুকুরপাড় পর্যন্ত দেড় কিলোমিটারের সংস্কার হয়নি। সড়কের এই অংশের সংস্কারের জন্য ৮৭ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই অনুমোদনের জন্য প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সদর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি পাঠানোর পর অনুমোদন হয়ে এলে আমরা দ্রুত দরপত্র আহ্বান করে কাজ শুরু করব।’