দেড় কিলোমিটারে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের সাহেবপাড়া এলাকায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনের সান্তাহার-মালশন-রানীনগর সড়কের প্রায় দেড় কিলোমিটারে খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।স্থানীয় বাসিন্দা সান্তাহার পৌরসভার সাবেক কাউন্সিলর জার্জিস আলম বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণকাজ করার সময় ভারী যানবাহনে মালামাল পরিবহনের কারণে এসব গর্ত সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভাগ সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করে দেওয়ার অঙ্গীকার করলেও তা করেনি। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে প্রায় ছয় ইঞ্চি পুরু মাটির স্তর জমে রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাস্তার ওপর জমে থাকা মাটি অপসারণের ব্যবস্থা নেননি। ফলে একটু বৃষ্টি হলেই কাদার সৃষ্টি হয়। এই রাস্তাটুকু বগুড়া ও নওগাঁর দুটি উপজেলার প্রায় ২০-২২টি গ্রামের মানুষের মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী জানান, বিদ্যুৎ কেন্দ্রে মালামাল আনা-নেওয়ার জন্য কেন্দ্রের পশ্চিম পাশের সান্তাহার-নাটোর বাইপাস সড়ক ব্যবহার করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বাইপাস সড়ক ব্যবহার না করে হালকা যানবাহন চলাচলের উপযোগী সান্তাহার-মালশন-রানীনগর সড়কটি ব্যবহার করে। এ পথে অতিরিক্ত মালামাল বোঝাই ভারী যানবাহন চলাচল করায় রাস্তায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজ শেষ হলেও অদ্যাবধি রাস্তাটি পুনর্নির্মাণ কিংবা সংস্কার করা হয়নি। বর্তমানে যানবাহন তো দূরের কথা হেঁটে চলাও কষ্টকর। সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই রাস্তাটি পুনর্নির্মাণ কিংবা সংস্কারকাজ শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।