দেড় কিলোমিটারেই যত যন্ত্রণা

সড়কজুড়ে পাঁচ শতাধিক গর্ত রয়েছে। কোথাও কোথাও গর্ত বড় হয়ে ডোবার মতো হয়ে গেছে। বৃষ্টি হলে এসব গর্ত ও ডোবায় পানি জমে যায়। এতে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন অন্তত অর্ধলাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এই শোচনীয় অবস্থা রানীরবাজার-রামমালা সড়কের সোয়া এক কিলোমিটার অংশের।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা নগরের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে সড়কের অবস্থান। গত কয়েক দিনের বৃষ্টির পানি সড়কের গর্তের মধ্যে থই থই করছে। ঠাকুরপাড়া প্যারামেডিক চিকিত্সাকেন্দ্রের সামনে চারটি বড় ধরনের ডোবার সৃষ্টি হয়েছে। সড়কের বড় মসজিদ এলাকায় ছোট-বড় শতাধিক খানাখন্দ। দক্ষিণ ঠাকুরপাড়া ও গোবিন্দপুর এলাকায় একই অবস্থা।
স্থানীয় অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে আলাপ করে জানা গেছে, এই সড়ক দিয়ে কুমিল্লা বিসিক শিল্পনগরী থেকে মালামাল নিয়ে ভারী যানবাহন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। কোটবাড়ী, প্রাণিসম্পদ বিভাগ মোড় ও টমছমব্রীজ থেকে আসা নগরের পশ্চিম এলাকার লোকজন ওই সড়ক ব্যবহার করেন। এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের লোকজন এ সড়ক ব্যবহার করেন। এ ছাড়া রানীরবাজারে সবজিসহ নানা ধরনের কাঁচামাল এ সড়ক দিয়ে আনা-নেওয়া করা হয়।
এ প্রসঙ্গে ঠাকুরপাড়া এলাকার দেলোয়ার হোসেন মানিক বলেন, ‘প্রতিদিন বাসা থেকে অফিসে যেতে ওই সড়ক ব্যবহার করি। কিন্তু সড়কের যাচ্ছেতাই অবস্থা। অবিলম্বে ওই সড়ক সংস্কার করা দরকার।’
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া বলেন, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টি শেষ হলেই কাজ শুরু হবে।
নগর ভবনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরের পাঁচ লাখ বাসিন্দার জন্য ৪৮২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে নগরের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত ১৪৭ কিলোমিটার ও ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত ৩৩৫ কিলোমিটার সড়ক রয়েছে। গত পাঁচ বছরে ওই এলাকার বেশির ভাগ সড়কের সংস্কারকাজ হয়নি। এতে করে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, শিগগিরই সড়কগুলো সংস্কার করা হবে। বৃষ্টির কারণে নগরবাসীর পথ চলতে অসুবিধা হয়েছে। সংস্কার হলে সড়কটি আর কর্দমাক্ত থাকবে না।