দেড় কিলোমিটারের প্রভাতফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রভাত ফেরি বের করে। ছবিটি আজ রোববার সকাল সাড়ে আটটায় পিএবি সড়কের সরকারহাট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
অমর একুশে উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রভাত ফেরি বের করে। ছবিটি আজ রোববার সকাল সাড়ে আটটায় পিএবি সড়কের সরকারহাট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার দেড় কিলোমিটার দীর্ঘ প্রভাতফেরিতে অংশ নেয়। বিদ্যালয়ের শহীদ মিনারে ফুলের মালা দিয়ে তারা দুই গ্রামের পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে প্রভাতফেরিটি সম্পন্ন করে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল সাড়ে সাতটার দিকে প্রাত্যহিক সমাবেশ সম্পন্ন করে প্রভাতফেরি শুরু করে। এটি বরুমচড়া, ছমদিয়া, বরুমচড়া রাস্তার মাথা, পিএবি সড়ক ও তৈলারদ্বীপ সরকারহাট হয়ে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা দুই সারিতে করে এ প্রভাতফেরি করে।

প্রভাতফেরি সম্পর্কে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সিদরাতুল মুনতাহা জানায়, ‘ছোটবেলা থেকে এ বিদ্যালয়ের প্রভাতফেরি দেখে আসছি। তখন মনে মনে ভাবতাম, কবে হাইস্কুলে যাব। এখন সে আশা পূরণ হয়েছে।’ প্রভাতফেরি দারুণ সুন্দর ও উৎসবমুখর ছিল বলে সে জানায়।

দশম শ্রেণির ছাত্রী সালমা খানম বলল, ‘ভাষা শহীদেরা আমাদের জন্য বিশাল আত্মত্যাগ করে গেছেন। তাই প্রভাতফেরিতে অংশ নিলে মনটা ভালো হয়ে যায়।’ একই শ্রেণির ছাত্র নঈম উদ্দিন জানায়, ‘ভাষা শহীদদের কারণে আজ বাংলা ভাষা সারা বিশ্বের। এটি আমাদের জন্য গর্বের। এ জন্য প্রভাতফেরিতে আসি, স্লোগান ধরি।’

বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রতি বছর একুশের সময় আমরা প্রভাতফেরির আয়োজন করি। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ শেখানোই মূল লক্ষ্য।’

প্রভাতফেরি শেষে বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আরও পড়ুন: