
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের দেড় কোটি ডলার (১২০ কোটি টাকা) বাংলাদেশকে ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ফিলিপাইনের ব্যবসায়ী কিম অং চুরির এ অর্থ জমা দিয়েছিলেন। গতকাল সোমবার ফিলিপাইনের আদালত এ নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও গতকাল বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম এ সময় লিখিত বক্তব্যে জানান, ফিলিপাইনের রিজিওনাল ট্রায়াল কোর্ট শুনানি শেষে বাজেয়াপ্ত ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত ৪ দশমিক ৬৩ মিলিয়ন ডলার ও ৪৮৮ দশমিক ২৮ মিলিয়ন পেসো (সব মিলিয়ে প্রায় দেড় কোটি ডলার) বাংলাদেশের অনুকূলে অবমুক্ত করার আদেশ জারি করেছেন। ফিলিপাইনের সরকার বনাম কিম সিন অংয়ের মামলায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, বাকি অর্থ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফিলিপাইনের সরকার ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক ও ফিলিপাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। আশা করা যায় সম্পূর্ণ চুরি হওয়া অর্থ অচিরেই বাংলাদেশ আদায় করতে পারবে।
অর্থ উদ্ধারে প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ প্রথম আলোকে বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি এ অর্থ পাওয়া যাবে। তবে এখন দেখার বিষয় বাকি অর্থ উদ্ধারে কী ধরনের উদ্যোগ চলমান আছে। লেগে থাকতে পারলে সমঝোতা অথবা মামলা যেকোনো উপায়েই হোক অর্থ উদ্ধার করা সম্ভব।’
ইব্রাহীম খালেদ বলেন, ‘ফিলিপাইন অথবা নিউইয়র্ক ফেড এ দুটির যে-কেউ টাকা ফেরত দেবে। সেটা জরিমানা হতে পারে অথবা মামলায় হারেও হতে পারে। এ জন্য আমাদের তৎপরতা অব্যাহত রাখতে হবে।’
এখন পর্যন্ত উদ্ধার করা অর্থই ফেরত পাচ্ছে বাংলাদেশ। তবে যে অর্থ ইতিমধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে বের হয়ে গেছে, তা ফেরত পাওয়া নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, দেড় কোটি ডলার ফেরত পাওয়ার আদেশ বাংলাদেশের জন্য ভালো খবর। বাকি অর্থ আদায়ে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে রাজি করাতে হবে। এ ছাড়া রিজাল ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। এসব তৎপরতার ওপর নির্ভর করবে বাকি অর্থ ফেরত পাওয়ার বিষয়টি। তবে অর্থ আদায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। এ জন্য সময় লাগবে। অর্থ ব্যাংকিং চ্যানেলে থাকলে পাওয়াটা সহজ ছিল। তবে বাইরে চলে যাওয়ায় বাকি অর্থ পাওয়া কঠিন হবে।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে ফিলিপাইনের বিচার বিভাগের চিফ স্টেট কাউন্সিল রিকার্ডো পারাস বলেন, উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ফেরত পাওয়ার পূর্ণ অধিকার বাংলাদেশের আছে বলে আদালত রায় দিয়েছেন।
গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত পাওয়া গেছে। তবে ফিলিপাইনে যাওয়া অর্থ এখনো ফিরে পাওয়া যায়নি। ফিলিপাইনের বিভিন্ন সংস্থা চুরি যাওয়া অর্থের কিছু অংশ নানাভাবে উদ্ধার করে। উদ্ধার হওয়া সেই অর্থের মধ্য থেকে দেড় কোটি ডলার ফেরত পেতে ফিলিপাইনের আদালতে বাংলাদেশের একটি আবেদন বিচারাধীন ছিল। যা গতকাল বাংলাদেশকে ফেরত দেওয়ার আদেশ পাওয়া গেছে।
এদিকে রিজার্ভ চুরির ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গত ১৫ মার্চ তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি গত ৩০ মে অর্থমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ওপর করা প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।