দেড় কোটি মানুষের ঢাকা ধুঁকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ঢাকা। সম্ভাবনার সূচকেও ঢাকাই প্রথম। তবে দেড় কোটি মানুষের এই শহর অবকাঠামো, মৌলিক সেবা, জমি ও আবাসনসংকট এবং পরিবেশদূষণের কারণে ধুঁকছে।
স্থানীয় সরকারব্যবস্থা থাকলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কাঠামোগত দুর্বলতা, ক্ষমতার অপর্যাপ্ততার কারণেই মূলত অবস্থার উন্নতি হচ্ছে না ঢাকার। অন্যদিকে অগোছালো নগরায়ণ হচ্ছে। জনসংখ্যা বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে না গণপরিবহন। শহরের বাসিন্দাদের একটি বড় অংশই বস্তিতে থাকছে, বঞ্চিত হচ্ছে নাগরিক সুযোগ-সুবিধার।
বিশ্বব্যাংক প্রকাশিত ‘লিভারেজিং আরবানাইজেশন ইন সাউথ এশিয়া: ম্যানেজিং স্পেশাল ট্রান্সফরমেশন ফর প্রসপারিটি অ্যান্ড লিভেবিলিটি’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার দেশের শহরগুলোতে দ্রুত হারে নগরায়ণ হচ্ছে। এতে সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন সমস্যাও তৈরি হচ্ছে।
ঢাকা বিশ্বের ২৯টি মেগাসিটির মধ্যে একটি। কমপক্ষে এক কোটি লোক বাস করে, সেই হিসাবে এই মেগাসিটি। দক্ষিণ এশিয়ায় আছে ছয়টি মেগাসিটি। তবে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) করা বসবাস উপযুক্ততার সূচকে ঢাকার অবস্থান নিচের দিকে। চলতি বছর এই সূচকে ১৪০ দেশের মধ্যে ঢাকার অবস্থান ১৩৯তম। ঢাকার পরে আছে একমাত্র দামেস্কে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী।

>*ঢাকায় সিটি করপোরেশন থাকলেও সরকারের বিভিন্ন সংস্থা একই সঙ্গে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। এতে থাকছে না সমন্বয় *২০৫০ সাল পর্যন্ত নগরের মানুষের আবাসনসংকট নিরসনে ২০ কোটি ইউনিট বাড়ি নির্মাণের প্রয়োজন হবে

এসব তথ্য দিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় সিটি করপোরেশন থাকলেও সরকারের বিভিন্ন সংস্থা একই সঙ্গে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। এতে থাকছে না সমন্বয়। আবার সবকিছু বিবেচনায় না নিয়ে নেওয়া হচ্ছে উন্নয়ন প্রকল্প। অবশ্য সমস্যাটি শুধু ঢাকা নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন শহরের প্রায় একই অবস্থা।
এদিকে, পুরো দক্ষিণ এশিয়ার চেয়েও বাংলাদেশে নগরায়ণ দ্রুত হচ্ছে। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত বছরে গড়ে ১ দশমিক ৬৯ শতাংশ জনগণ আনুষ্ঠানিকভাবে নগরের শ্রেণিভুক্ত হয়েছে। একই সময়ে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ায় এই হার ১ দশমিক ১ শতাংশ। তবে বাংলাদেশে যে হারে এগোচ্ছে, উন্নত দেশগুলো উনিশ শতকেই এই হারে অগ্রসর হয়েছিল। এসব তথ্য দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে বাংলাদেশের ২১ দশমিক ৩ শতাংশ দারিদ্র্যসীমার নিচে ছিল। ২০০৯ সালে প্রায় ৬২ শতাংশ নগরের মানুষ বস্তিতে বসবাস করেছে।
জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংক সঠিকভাবেই বিষয়গুলো তুলে ধরেছে। এগুলো আমাদের জন্য একেকটি চ্যালেঞ্জ। তবে ২০১১ সাল থেকে জাতীয় নগরায়ণ নীতিমালা সরকারের টেবিলে পড়ে আছে। দীর্ঘদিনেও এটি বাস্তবায়ন না হওয়াটা দুঃখজনক।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আরও বলেন, ২০৪৬ সালে দেশের নগর ও গ্রামীণ এলাকার জনসংখ্যা প্রায় কাছাকাছি হয়ে যাবে। শহরে ১২ কোটি, গ্রামে ১২ কোটি। সে জন্য জাতীয় নগরায়ণ নীতিমালায় উন্নয়ন ও নগরায়ণকে বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে। ঢাকাকে আরও বেশি গুরুত্ব না দিয়ে বিভাগীয় ও জেলা শহরের দিকে দৃষ্টি দেওয়া উচিত। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে।
বিশ্বব্যাংক বলছে, চলতি বছর থেকে ২০৩০ সালে দক্ষিণ এশিয়ায় নগরের মানুষের সংখ্যা বাড়বে ২৫ কোটি। এতে করে বাসস্থান ও জমি ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিবেশদূষণ এড়িয়ে আবাসিক, শিল্প ও বাণিজ্যের জন্য জমি ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে।
বিশ্বব্যাংক চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু পরামর্শ তুলে ধরেছে। যেমন দেশের বিভিন্ন নগরের মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য বিনিয়োগ করতে হবে। এতে করে মূলধননির্ভর শিল্প বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাবে, যা নগরগুলোর মধ্যে আন্তসংযোগের পাশাপাশি যানজট কমাবে।
২০৫০ সাল পর্যন্ত নগরের মানুষের আবাসনসংকট নিরসনে ২০ কোটি ইউনিট বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এ জন্য জমির সঠিক ব্যবহার কীভাবে হবে এবং ব্যবস্থাপনা কী হবে, সেটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। এসব কাজে অবশ্যই স্থানীয় সরকারকে সঙ্গে রাখতে হবে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথমে ঝুঁকি নিরূপণ করে সেটি ব্যবস্থাপনায় একটি কাঠামো দাঁড় করাতে হবে। কারণ, দক্ষিণ এশিয়ার ৮০ শতাংশ শহরই বন্যাপ্রবণ।