দেড় কোটি টাকা আত্মসাৎ, আমানতকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার একটি সমবায় সমিতির দুজন কর্মকর্তার বিরুদ্ধে আমানতকারীদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। আমানতকারীরা টাকা ফেরত পেতে গতকাল মঙ্গলবার উপজেলার সারুটিয়া বাজারে বিক্ষোভ করেছেন। আমানতকারীদের অভিযোগে জানা যায়, সারুটিয়া বাজারে ২০০৩ সালে ‘সারুটিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতি গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকেই সমিতির সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লোকজনকে প্রলোভন দিয়ে তাঁদের কাছ থেকে আমানত সংগ্রহ করতে থাকেন। সমিতিটি সহস্রাধিক আমানতকারীর কাছ থেকে আমানত নেয়। একপর্যায়ে সমিতির টাকা দিয়ে সভাপতি ও সম্পাদক নিজ নামে জমি কেনেন ও ব্যক্তিগত কাজে বিনিয়োগ করেন। এ ব্যাপারে সমিতির সদস্যরা স্থানীয় মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদের কাছে তাঁদের বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ আনেন। এ নিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর এক সালিসে জিয়াউর রহমান ও আনোয়ার হোসেন সমিতির টাকায় নিজ নিজ নামে কেনা মোট ১৫ বিঘা জমি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য চুক্তিনামায় অঙ্গীকার করেন। আমানতকারীদের অভিযোগ, সালিসের সিদ্ধান্ত মোতাবেক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যানের নামে সাড়ে সাত বিঘা জমি বায়না করে দেন। কিন্তু সাধারণ সম্পাদক তা না দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। তাঁরা জানান, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এ বিষয়ে পাবনা জেলা জজ আদালতে প্রতারণার মামলা হয়েছে। আমানতকারী মোকারম হোসেন জানান, সারুটিয়া বহুমুখী সমবায় সমিতিতে গচ্ছিত প্রায় ১৩ লাখ টাকা হারিয়ে তাঁর পথে বসার উপক্রম হয়েছে। একই ধরনের কথা বলেন ১২ লাখ টাকা আমানতকারী মোস্তফা কামাল, চার লাখ টাকা আমানতকারী আবুল কালাম আজাদ, দুই লাখ টাকা আমানতকারী সেলিম হোসেন ও নুরুল ইসলামসহ বেশ কয়েকজন। এ ছাড়া ঈমান আলী পাঁচ লাখ, ফারুক হোসেন এক লাখ, হায়দার বিশ্বাস পাঁচ লাখ, আকবর বিশ্বাস পাঁচ লাখ, নিশি বিশ্বাস এক লাখ, আবদুস সাত্তার সাত লাখ, কটা বিশ্বাস দুই লাখ, পাটারী প্রামাণিক এক লাখ, খবির উদ্দিন এক লাখ, মোক্তার দুই লাখ, মোস্তফা ৫০ হাজার, সাখাওয়াত হোসেন দুই লাখ ও বাদশা মিয়া তিন লাখ টাকা ওই সমিতিতে আমানত রেখেছেন বলে জানান। আমানতকারীরা আরও জানান, বহু কষ্টে জমানো টাকা হারাতে বসে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সমিতির সভাপতি সালিস বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নামে ৫০ লাখ টাকার সম্পত্তি বায়না করেছেন। বায়নার শর্ত অনুযায়ী তিন মাসের মধ্যে সমিতির সদস্যদের টাকা ফেরত দিলে সভাপতি তাঁর সম্পত্তি ফেরত পাবেন। চেয়ারম্যান আরও জানান, তিন মাস পার হলেও সভাপতি টাকা ফেরত দেননি। তাঁকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আটঘড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।