দেড় কোটি টাকা আত্মসাৎ করে চম্পট
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীর দেড় কোটি টাকা আত্মসাৎ করে ঠান্ডু মণ্ডল নামের এক ব্যক্তি সপরিবারে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার শিকার ব্যবসায়ী কাজী মামুন হোসেন কালীগঞ্জ থানায় মামলা করেছেন। চিনি ও ভোজ্যতেল ব্যবসায়ী মামুন হোসেন বলেন, ব্যবসা সূত্রে যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ঠান্ডু মন্ডলের সঙ্গে তাঁর পরিচয় হয়। এক পর্যায়ে সখ্য গড়ে তুলে ঠান্ডু তাঁর কাছে বাকিতে মাল নিতে থাকেন।সম্প্রতি ঠান্ডু ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে মধ্যে তাঁর কাছ থেকে মালামাল নেন।এক পর্যায়ে মামুন দেখতে পান ঠান্ডুর কাছে বাকির পরিমাণ এক কোটি ৫৫ লাখ ৭০ হাজার ৭২৮ টাকা দাড়ায়। এ অবস্থায় টাকা দেওয়ার জন্য তিনি ঠান্ডুকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে মুঠোফোন বন্ধ রেখে সপরিবারে পালিয়ে যান ঠান্ডু।উপায়ান্তর না পেয়ে মামুন গত ২৬ আগস্ট কালীগঞ্জ থানায় ঠান্ডু মণ্ডল, তাঁর স্ত্রী মরিয়ম বেগম, ছেলে তারেক মনোয়ার, মেয়ে মিতা খাতুন এবং ঠান্ডুর ব্যবসায়িক সহযোগী খসরু ও সুকুমারের বিরুদ্ধে মামলা করেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, মামলার তদন্ত চলছে। এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।