দেড় কোটি টাকা নিয়ে এনজিও লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সৈয়দপুর আলোর সন্ধানে নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা গ্রাহকদের কমপক্ষে দেড় কোটি টাকা আমানত নিয়ে ১ মে থেকে লাপাত্তা হয়ে গেছেন। অধিক মুনাফার লোভ দেখিয়ে সংস্থাটি ওই আমানত সংগ্রহ করে।উপজেলার আটমূল ইউনিয়নের সৈয়দপুর গ্রামের হেলেনা বেগম (৫০) বলেন, তিনি এক লাখ টাকা সংস্থার পরিচালক শুভেচ্ছা রানীর হাতে তুলে দিয়েছিলেন। তিন বছর পরে এ টাকা দ্বিগুণ হওয়ার কথা। একই গ্রামের আলেয়া বেগম (৪০) বলেন, ‘৫০ হাজার টাকা দিয়ে দুই মাস প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা করে পেয়েছি। টাকাসহ সবাই উধাও। এখন স্বামীর অসুখের চিকিৎসা ও সংসার কীভাবে চালাব জানি না।’এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আটমূল ইউনিয়নের ভায়েরপুকুর বাজারে একটি বাড়ির দোতলা ভাড়া নিয়ে চার বছর আগে সংস্থাটির কার্যক্রম শুরু হয়। সংস্থার পরিচালক ছিলেন একই ইউনিয়নের বামনীয়া গ্রামের শুভেচ্ছা রানী। তাঁর দুই সহযোগীর একজন আদায়কারী নারায়ণ চন্দ্র ও ক্যাশিয়ার সোনা মিয়া। প্রথম দিকে দৈনিক সঞ্চয় গ্রহণ ও ঋণ দেওয়ার মাধ্যমে তাঁরা সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসেন। পরে সংস্থাটি ব্যাংকের মতো আর্থিক লেনদেন, স্থায়ী আমানত সংগ্রহ, লভ্যাংশ প্রদান বা ডিপিএস স্কিম ও এফডিআর চালু করে। এখানে এক লাখ টাকা রাখলে প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত মুনাফা দেওয়া হতো। সৈয়দপুর গ্রামের আমিনুল ইসলাম, মোজাম উদ্দিন, আনোয়ার হোসেন জানান, শুভেচ্ছা রানী স্থানীয় লোক হওয়ায় এলাকাবাসী ভরসা পেয়েছিলেন। এলাকার লোকজন কমপক্ষে দেড় কোটি টাকা জমা করেছিলেন। ১ মে মাসিক মুনাফা বিতরণের কথাও ছিল। এ অবস্থায় সবাইকে পথে বসিয়ে সব আমানত নিয়ে ওই তিনজন গা ঢাকা দিয়েছেন।আটমূল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সারোয়ার বলেন, ‘টাকা খোয়ানোর পরে অনেকে আমার কাছে আসেন। তার পরও লিখিত অভিযোগ জানাতে ভয় পাই।’ সংস্থার ওই তিনজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, সাধারণ মানুষ প্রতারিত হয়েও পুলিশের কাছে অভিযোগ জানান না। কোনো অভিযোগ না পাওয়ায় আইনি ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে।শিবগঞ্জ সমাজসেবা কর্মকর্তা ছাইফুল ইসলাম বলেন, ‘তারা আমাদের কাছ থেকে কোনো নিবন্ধন নেয়নি। এ ব্যাপারে আগে কেউ কোনো অভিযোগও করেনি। তা ছাড়া নিবন্ধন নিয়ে থাকলেও ব্যাংকের মতো আর্থিক লেনদেন করার সুযোগ নেই।’