রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ম্যাক্সিম মাল্টিপারপাস সোসাইটির কর্মকর্তা-কর্মচারীরা উধাও হয়েছেন। গ্রাহকদের অভিযোগ, প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করে তাঁরা লাপাত্তা হয়ে গেছেন। উপজেলা সমবায় কার্যালয় ও গ্রাহকদের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বালিয়াকান্দির নারুয়া রোডের স্বপ্নদ্বীপ মার্কেটের তৃতীয় তলায় ২০১০ সালে কার্যক্রম শুরু করে। তারা ২৫টি প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে জামানত নিতে থাকে। প্রতিষ্ঠানটি ২০১১ সালে নারুয়া রোডের হাজী মোসলেম উদ্দিন মার্কেটে ম্যাক্সিম ইলেকট্রনিকস নামে একটি শো রুম খোলে। বর্তমানে পৌনে ৩০০ গ্রাহকের দেড় কোটি টাকা তাদের কাছে গচ্ছিত আছে। সরেজমিনে গতকাল বুধবার দেখা যায়, প্রতিষ্ঠানের কার্যালয় ও শো রুমে তালা ঝুলছে।ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের আক্তারুজ্জামান জানান, তিনি ১১ মাস আগে লাখে দুই হাজার টাকা মুনাফা পাওয়ার শর্তে ওই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা রেখেছিলেন। এত দিন তাঁকে নিয়মিত মুনাফা পরিশোধ করা হলেও বর্তমানে সংগঠনটির কর্মকর্তারা গা ঢাকা দেওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। ম্যাক্সিম মাল্টিপারপাস সোসাইটি বালিয়াকান্দির আঞ্চলিক ব্যবস্থাপক ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুর রহমান পলাতক আছেন। তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল হুদা বলেন, ‘গ্রাহকদের টাকা নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের লাপাত্তা হওয়ার বিষয়টি জানতে পেরেছি। এখনো গ্রাহকদের কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে আমরা সাধ্যমতো ব্যবস্থা নেব।’