আইসিইউ সুবিধাসংবলিত আরও একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের সন্ধান পাওয়া গেছে। এক বছরের বেশি সময় ধরে অ্যাম্বুলেন্সটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে পড়ে আছে। অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য চালকের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকায় এটিকে সচল করা যাচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এ নিয়ে চার জেলায় ৬টি কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের খোঁজ পাওয়া গেল। কোটি টাকা দামের একেকটি যান বরাদ্দের পর এখন পর্যন্ত অকেজোই পড়ে আছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় ঔষাধাগার থেকে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ইতালির তৈরি কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটি রংপুর হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু রংপুরে আনার পর অ্যাম্বুলেন্সটি এক দিনের জন্যও সচল হয়নি। কেবল যন্ত্রপাতি ঠিক রাখার জন্য মাঝেমধ্যে যানটি স্টার্ট দেওয়া হয়।
এর আগে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে কয়েকটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স দেওয়া হয়। কোটি টাকা দামের সেসব অ্যাম্বুলেন্সও লোকবলের অভাবে গ্যারেজে পড়ে আছে। এ নিয়ে প্রথম আলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু এখনো সেগুলো ব্যবহার করা হচ্ছে না। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স খোলা আকাশের নিচে পড়ে আছে। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্সে কেবল দুবার রোগী পরিবহন করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটি বরাদ্দের পর গত আড়াই বছরে আটবার রোগী পরিবহন করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আর চট্টগ্রামের অ্যাম্বুলেন্সটিও দুই বছর ধরে অকেজো পড়ে আছে। ইদানীং এটির ঠাঁই হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের বারান্দায়।
রংপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষায়িত অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য চালকের পাশাপাশি চারজন চিকিৎসক ও তিনজন নার্স প্রয়োজন। কিন্তু রংপুরের এই অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য এসব লোকবলের কোনোটাই নেই।
বিশেষায়িত এই অ্যাম্বুলেন্সের ভেতর হৃদ্রোগীদের আইসিইউর (নিবিড় পরিচর্যাকেন্দ্র) সুবিধা দেওয়ার জন্য রয়েছে ডি-ফেব্রিরেটর, সাকার মেশিন, ইসিজি মেশিন, ভেন্টিলেটর মেশিন, কার্ডিয়াক মনিটর, সিরিঞ্জ পাম্প, পালস অক্সিমিটার।
এভাবে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পড়ে থাকা প্রসঙ্গে হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এভাবে অকার্যকর হয়ে পড়ে থাকতে থাকতে অ্যাম্বুলেন্সটির ভেতরের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।
এমন একটি অ্যাম্বুলেন্স হাসপাতালে আছে, এটি রংপুরের মানুষ তো জানেই না। এমনকি অনেক চিকিৎসকও বিষয়টি অবগত নন। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর শাখার সভাপতি খন্দকার ফখরুল আনাম প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিকদের কাছেই প্রথম শুনেছি, এমন একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এখানে এসেছে। এটি চালু করতে না পারা মানে স্বাস্থ্য বিভাগের চরম ব্যর্থতা। আর তা না হলে কেনই-বা এত বিপুল টাকা ব্যয় করে এমন একটি অ্যাম্বুলেন্স পাঠানো হলো।’
হাসপাতালের অ্যাম্বুলেন্স শাখার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মোর্শেদ আলম প্রথম আলোকে বলেন, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে রংপুর মেডিকেলে পাঠানোর পর থেকে এটি গ্যারেজে পড়ে আছে। তবে দুই-তিন দিন পরপর গাড়িটি স্টার্ট দিয়ে মেডিকেল কলেজ ক্যাম্পাস এবং হাইওয়ে রোডে চালানো হয়। নয়তো এর ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তবে এই অ্যাম্বুলেন্সে এখনো কোনো রোগী পরিবহন করা হয়নি।
এদিকে হাসপাতালের হৃদ্রোগ বিভাগ সূত্রে জানা গেছে, এই বিভাগের ওয়ার্ডে আইসিইউ শয্যা রয়েছে ১০টি। সাধারণ শয্যা আছে ৪৮টি। সেখানে শয্যার দ্বিগুণ রোগী ভর্তি থাকে। তবে এখানে উন্নত চিকিৎসার জন্য রোগীর এনজিওগ্রাম, পেসমেকার ও রিং বসানো হয় না। এই রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সাধারণ অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাতে এই রোগীদের অনেক ঝুঁকি থাকে। সেই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়ার সক্ষমতা খুব কম মানুষেরই আছে। তাই কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটি এখানে পাঠানো হয়েছিল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগের বিভাগীয় প্রধান শাকিল গফুর প্রথম আলোকে বলেন, হৃদ্রোগীরা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার দায়িত্ব চিকিৎসকের। কিন্তু এই অ্যাম্বুলেন্সটি পরিচালনার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ তথা পরিচালকের।
হাসপাতালের আইসিইউ বিভাগের (নিবিড় পরিচর্যাকেন্দ্র) রেজিস্ট্রার জামাল উদ্দিন মিন্টু প্রথম আলোকে বলেন, এই অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য পৃথক প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স প্রয়োজন। কিন্তু সেই লোকবল এখানে নেই। তাই এটি চালুর জন্য সাতজন নার্সকে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। এরপরও চালু করা সম্ভব হয়নি।
হাসপাতালের পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অ্যাম্বুলেন্সটি এখনো রোগী পরিবহনের জন্য ব্যবহার করা সম্ভব হয়নি। কেননা, এটি পরিচালনার জন্য চিকিৎসকসহ কোনো লোকবল নেই। প্রেষণে চারজন চিকিৎসকসহ উপযুক্ত নার্স পদায়নের জন্য ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে ছয় মাস আগে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।
পরিচালক আরও বলেন, এটি চালু করার জন্য একটি কমিটি করা হয়েছে। প্রয়োজনে এই হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্স দিয়ে এটি চালু করা হবে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও রাজশাহী এবং প্রতিনিধি, সিলেট]