দেড় কোটি টাকার কাজ কৌশলে ভাগাভাগি!
সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের চারটি গ্রুপের প্রায় দেড় কোটি টাকার কাজের দরপত্র কৌশলে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারদলীয় সমর্থক ঠিকাদারেরা অফিসের সঙ্গে যোগসাজশ করে এ ভাগাভাগি করেছেন বলে ঠিকাদারদের একটি সূত্র থেকে জানা গেছে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (বিশেষায়িত) শাখা সূত্রে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি ও সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীর পশ্চিমপাড় তীর সংরক্ষণ প্রকল্পে সিসি ব্লক তৈরি ও জিও ব্যাগ বালুর বস্তা নিক্ষেপ ও মাটির কাজের জন্য সিরাজগঞ্জ পাউবোর বিআরই (বিশেষায়িত শাখা) পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে চারটি গ্রুপে দরপত্র গত ২৭ ফেব্রুয়ারি আহ্বান করা হয়। গত সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। দরপত্র বাক্স পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়সহ সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে রাখার কথা থাকলেও সেখানে দরপত্র জমা দিতে পারে বিধায় সেখানে দরপত্র বাক্স দেওয়া হয়নি। শুধু পানি উন্নয়ন বোর্ডের অফিসের দরপত্র বাক্সে কতিপয় ঠিকাদার অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে দরপত্র দাখিল করেন। দরপত্র দাখিল করার পর বাকি দুটি স্থানে সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১২টার সময় বাক্স পাঠানো হয়। যে কারণে অনান্য ঠিকাদার তাঁদের দরপত্র দাখিল করতে পারেননি।এ বিষয়ে জেলা প্রশাসক অফিসের সাধারণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেজারত ডেপুটি কালেক্টর মো. মনিরুজ্জামান বলেন, ‘টেন্ডারবাজির বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। পাউবোর টেন্ডার আদৌ ছিল কি না, সে বিষয়ে আমার জানা নেই।’সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কানাইলাল সাহাও একই ধরনের মন্তব্য করে বলেন, ‘বিয়য়টি নিয়ে আমার কিছু জানা নেই।’ পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, পাউবোর লোকজন দুপুর সাড়ে ১২টার সময় একটি দরপত্র বাক্স রেখে গেছে। সিরাজগঞ্জ পাউবোর বিআরইর (বিশেষায়িত শাখা) নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেক জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইতিপূর্বে দরপত্রের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। টেন্ডার জমা দেওয়ার জন্য বাক্স বা নিরাপত্তা দেওয়া পুরোটাই তাঁদের দায়দায়িত্বের মধ্যে পড়ে। তা ছাড়া টেন্ডারে বাধাদানের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।