দেড় কোটি টাকার কাজ বন্ধ চার মাস
ঠিকাদারের গাফিলতির কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-জনতাবাজার সড়কে প্রায় দেড় কোটি টাকার কার্পেটিংয়ের সংস্কারকাজ চার মাস ধরে বন্ধ রয়েছে। এ ছাড়া সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নির্মাণাধীন ওই সড়কের ইটের খোয়া (কংক্রিট) উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, মাতারবাড়ী-জনতাবাজার সড়কের পাঁচ কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সড়ক কার্পেটিং করার জন্য স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গত বছরের নভেম্বর মাসে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেয়। এই সংস্কারকাজের দায়িত্ব পায় আরকান ট্রেডার্স। এতে সড়কের মধ্যে বালু, মাটি, গাইডওয়ালসহ কার্পেটিং করার কথা। কার্যাদেশ অনুযায়ী গত ডিসেম্বরে কাজ শুরু করে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সংস্কার শেষ করার কথা থাকলেও যথাসময়ে কাজ শেষ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।জানা গেছে, ঠিকাদার চলতি বছরের জানুয়ারি মাসে কাজ শুরু করলেও প্রায় ৬০০ মিটার পর্যন্ত ইটের খোয়া বিছানোর পর সংস্কার বন্ধ করে দেন। গত এপ্রিল মাস থেকে সংস্কারকাজ বন্ধ থাকায় সড়কে বিছানো ইটের খোয়াগুলো উঠে যাচ্ছে।গত শনিবার সকালে সরেজমিন দেখা গেছে, মাতারবাড়ী-জনতাবাজার সড়কের ছালিয়াতলী থেকে প্রায় ৬০০ মিটার এলাকার ইটের খোয়া উঠে গিয়ে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। আর সড়কের বিভিন্ন স্থান ভেঙে বিলীন হয়ে গেছে। তবে সড়কের দুই পাশে গাইডওয়াল নির্মাণ করার কথা থাকলেও এখন পর্যন্ত তা হয়নি।ছালিয়াতলীর বাসিন্দা সাবেক মেম্বার মোহাম্মদ আলম বলেন, প্রায় দুই কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের মধ্যে মাত্র ৬০০ মিটার শুধু ইটের খোয়া বিছানোর কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন চলে যায়। ফলে স্থানীয় লোকজন ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে নানা দুর্ভোগের শিকার হচ্ছে। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এখন পর্যন্ত সংস্কারকাজ শেষ হয়নি। আর লোকদেখানো সামান্য কাজ করলেও পুরো কাজ শেষ না করে ঠিকাদারের লোকজন চলে গেছে। ঠিকাদার মোক্তার হোসেন বলেন, বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি কমলেই সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, কার্পেটিং কাজ গত ডিসেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও ঠিকাদারের লোকজন প্রায় দুই মাস পর কাজ শুরু করেন। সড়কের দুই পাশে পানি থাকার কারণে সড়কের জন্য মাটি নেওয়া যাচ্ছে না। তবে যথাসময়ে সংস্কারকাজ শেষ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য স্থানীয় প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।