দেড় কোটি টাকার কাজ বন্ধ তিন মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলি সড়কের প্রায় দুই কিলোমিটার অংশের সংস্কারকাজ পুরো শেষ না করে ঠিকাদারের লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তিন মাস ধরে ওই সড়কের প্রায় দেড় কোটি টাকার সংস্কারকাজ বন্ধ রয়েছে।এতে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের লক্ষাধিক মানুষ।উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, মাতারবাড়ী-চালিয়াতলি সড়কের চার কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সড়কে পিচঢালাই করার জন্য ২০১০ সালের নভেম্বর মাসে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আরকান ট্রেডার্স। এতে সড়কের মধ্যে বালু, মাটি, গাইড় ওয়ালসহ কার্পেটিং করার কথা। কার্যাদেশ অনুযায়ী ওই বছরের ডিসেম্বর মাসে কাজ শুরু করে গত বছরের সেপ্টম্বর মাসে তা শেষ করার কথা ছিল। কিন্তু এখনো তা শেষ হয়নি। দুই মাস ধরে ওই সড়কের সংস্কারকাজ বন্ধ থাকায় বর্ষা মৌসুমের আগে তা শেষ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাতারবাড়ী-চালিয়াতলির প্রায় এক হাজার ৮০০ মিটার সড়কে ইটের কংক্রিটগুলো উঠে যাচ্ছে। সড়কের দুই পাশে গাইড় ওয়াল নির্মাণ ও মাটি দেওয়ার কথা থাকলেও এখনো কোনোটিই করা হয়নি। তবে মাঝখানে সড়কের সংস্কারকাজ সাত মাস বন্ধ থাকার পর গত বছরের ২০ অক্টোবর আবার কাজ শুরু করে ঠিকাদারের লোকজন। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে পুরো কাজ শেষ না করে ঠিকাদারের লোকজন পালিয়ে যায়।মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের সংস্কারকাজ অর্ধেক শেষ না করতেই ঠিকাদারের লোকজন পালিয়ে গেছে। এ কারণে তিন মাস ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, গত তিন মাসে ওই সড়কে গাড়ি উল্টে গিয়ে দুই শতাধিক লোক আহত হয়েছে।মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ওই সড়কের সংস্কারকাজ জরুরি ভিত্তিতে শেষ করার জন্য উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বেশ কয়েকবার বিষয়টি উত্থাপন করা হলেও কোনো কাজ হচ্ছে না।তবে কাজ বন্ধ থাকার কথা নিশ্চিত করে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোক্তার আহমদ বলেন, ‘দরপত্র অনুযায়ী ওই সড়কে গাইড় ওয়াল নির্মাণ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়েছি। এ কারণে কীভাবে গাইড় ওয়াল নির্মাণ করা হবে, তার জন্য উপজেলা প্রকৌশলীর কাজ থেকে দিকনির্দেশনা চেয়েছি। কিন্তু দিকনির্দেশনা ও ফান্ড না পাওয়ার কারণে ওই সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে।’মহেশখালী উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শেষ করার জন্য স্থানীয় প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।