দেড় কোটি টাকার কাপড় ও সুতাসহ গ্রেপ্তার ১০
বিদেশ থেকে আমদানি করা দেড় কোটি টাকার কাপড় ও সুতাসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকা ও সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ সুতা নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকার ডেমরার কোনাপাড়ায় জিএমএস কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে তিনটার দিকে সাত-আটজন ডাকাত সূত্রাপুরের বানিয়ানগরে ১৫০ কার্টন সুতা ভর্তি কাভার্ড ভ্যানটি আটক করে। তারা কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহকারীকে মারধর করে। পরে নেশাজাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে তাঁদের কুমিল্লার সোয়াগাজী এলাকায় ফেলে রাখে। উদ্ধার হওয়া সুতার দাম ৫০ লাখ টাকার কাছাকাছি।পৃথক ঘটনায় ১১ নভেম্বর গভীর রাতে সাত-আটজন ডাকাত নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আফিয়া সিএনজি স্টেশন পাম্পের সামনে আমদানি করা কাপড়ভর্তি একটি কাভার্ড ভ্যান থামায়। এ সময় তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ‘গাড়িতে অবৈধ মাল আছে’ অভিযোগে তল্লাশি চালায়। একপর্যায়ে তারা কাভার্ড ভ্যানের চালক মিজানকে নামিয়ে তাঁকে নেশাযুক্ত বড়ি খাইয়ে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। এরপর তারা কাভার্ড ভ্যানটি নিয়ে যায়। সুতার দাম প্রায় ৯৭ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।দুই ঘটনায় গ্রেপ্তার ডাকাতেরা হলেন: মো. জাফর (২৫), মশিউর রহমান (৩৫), সাইফুল ইসলাম ওরফে শাহীন (৩৫), জামান (৪০), আবু কাওসার (৩৫), মনির হোসেন (৪০), সেলিম রেজা (৪০), মিজানুর রহমান (৩৮), সাগর মাহমুদ (৩৫) ও মোকছেদুল (২৪)। গতকাল শুক্রবার ডিবি পুলিশ তাঁদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অভিযান পরিচালনাকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে যাত্রাবাড়ী থেকে জাফর ও মোরছেদুলকে গ্রেপ্তার করা হয়। এঁদের তথ্যের ভিত্তিতে বাকি আটজনকে ধরা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে পরে মালিবাগ থেকে কাপড় ও সুতা উদ্ধার করা হয়। ডিবির কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, জাফর একাধিকবার পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ডাকাতি করেছে। সেলিম রেজা দীর্ঘদিন ধরে ডাকাতির মাল ক্রয়-বিক্রয় এবং ডাকাতদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিলেন।