দেড় কোটি টাকার নির্মাণ কাজ বন্ধ তিন বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারের চরম গাফিলতি ও অনিয়মের কারণে কক্সবাজারের মহেশখালী পৌরসভার দেড় কোটি টাকার নতুন ভবনের নির্মাণকাজ তিন বছর ধরে বন্ধ রয়েছে। কার্যাদেশ অনুযায়ী, এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার সাড়ে ছয় বছরেও তা শেষ করতে পারেনি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বেশ কয়েকবার চিঠি দিলেও কোনো কাজ হচ্ছে না। এতে পার্শ্ববর্তী অস্থায়ী ঝুঁকিপূর্ণ ভবনে পৌরসভার কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের।সম্প্রতি গিয়ে দেখা গেছে, অসমাপ্ত অবস্থায় পড়ে আছে পৌর ভবনের কাজ। দোতলা ভবনের অনেক স্থানে শুধু ইট দিয়ে দেয়াল দিলেও পলেস্তারা দেওয়া হয়নি। এ ছাড়া ভবনের দোতলা পর্যন্ত ছাদের নির্মাণকাজ শেষ হলেও এখনো অনেক কক্ষে ইট দিয়ে দেয়াল নির্মাণ করা হয়নি। ফলে পাশের একটি অস্থায়ী ভবনে পৌরসভার নিয়মিত অফিসের কার্যক্রম চলতে দেখা গেছে। তবে নির্মাণাধীন ভবনে কাজ করতে কোনো শ্রমিককে দেখা যায়নি।পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর ভবন নির্মাণ করার জন্য ২০০৫ সালের মে মাসে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় মেসার্স লাকী ট্রেডার্স। ২০০৫ সালের জুলাই থেকে কাজ শুরু করে পরের বছর ২০০৬ সালের জুন মাসে, অর্থাৎ এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কাজ শেষ না করে ২০০৯ সালের মার্চ মাসে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে পালিয়ে যায়।এ নিয়ে কথা বলার জন্য মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আবদুল মতিনকে পাওয়া যায়নি।এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার সচিব মোহাম্মদ সামছুদ্দিন প্রথম আলোকে বলেন, কাজ শেষ করার জন্য বেশ কয়েকবার ঠিকাদারকে চিঠি দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না। অচিরেই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।