রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভান্ডারের পাশের করিডরে ইউরোলজি বিভাগের জন্য কেনা প্রায় দেড় কোটি টাকা দামের ‘সি আর্ম এক্স-রে’ যন্ত্রটি মোড়কজাত অবস্থায় বছর খানেক পড়ে ছিল। সম্প্রতি এটি ভেতরে নেওয়া হলেও একই অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কারিগর না থাকায় যন্ত্রটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।অভিযোগ রয়েছে, হাসপাতালের অগ্রাধিকারভিত্তিক চাহিদা ছাড়াই কর্তৃপক্ষ ২০০৯-১০ অর্থবছরে কয়েক কোটি টাকা মূল্যের ১০১ রকমের যন্ত্রপাতি কিনেছে। গত ২১ এপ্রিল হাসপাতালের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল আলম সিদ্দিকী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের অবস্থা জানান। এতে বলা হয় যে কলেজ কর্তৃপক্ষ যন্ত্রপাতি ক্রয়ের আগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে ক্রয়ের তালিকা প্রস্তুত বা চাহিদাপত্র নেয়নি। তাই স্বল্প প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে। ভান্ডারের মাধ্যমে না দিয়ে যন্ত্রপাতি সরাসরি ওয়ার্ডে সরবরাহ করার কারণে বিধান মোতাবেক এগুলো ভান্ডারের মজুদ বইয়ে লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। তালিকাভুক্ত না হওয়া ও তহবিল না থাকায় ইতিমধ্যে কয়েকটি বিভাগে সরবরাহকৃত কিছু যন্ত্রপাতির মেরামত সম্ভব হচ্ছে না। এর মধ্যে রয়েছে দুটি সি আর্ম এক্স-রে মেশিন—একটি ইউরোলজি, অপরটি অর্থোপেডিক বিভাগের জন্য। গত বছরের ১২ জুলাই এগুলো সরবরাহ করা হলেও যন্ত্র দুটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বছর খানেক আগে ইউরোলজি বিভাগের প্রধান গোলাম রাব্বানী যন্ত্রটি সরাসরি গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী হাসপাতালের ভান্ডারের মাধ্যমে না নিয়ে সরাসরি গ্রহণ করার ব্যাপারে তিনি বলেন, না করলে প্রায় দেড় কোটি টাকা দামের এই যন্ত্রের বিল সরবরাহকারীরা তুলতে পারছিলেন না। বাধ্য হয়ে তাঁকে গ্রহণ করতে হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষের চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের ব্যাপারে গত ১১ মে রামেকের অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে। গত ১৮ মে সেই চিঠির একটি কপি হাসপাতাল কর্তৃপক্ষ হাতে পায়। এ ব্যাপারে গত ২৬ মে প্রথম আলোয় ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল/নষ্ট হচ্ছে ১২ কোটি টাকার যন্ত্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর করিডরে পড়ে থাকা ইউরোলজি বিভাগের সি আর্ম এক্স-রে যন্ত্রটি ভেতরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও যন্ত্রটি একইভাবে পড়ে রয়েছে। অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাশ গতকাল বলেন, যন্ত্রটি চালানোর কোনো কারিগর না থাকায় পড়ে রয়েছে। যন্ত্রগুলো কীভাবে কেনা হয়েছে, তা নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই। চিকিৎসক হিসেবে তাঁরা যন্ত্র দুটি ব্যবহার করতে চান।