এবার কিশোরগঞ্জ পৌরসভার দেড় কোটি টাকার উন্নয়নকাজে যথাযথ মালামাল ব্যবহার না করে নিম্নমানের কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌরসভার ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, দরপত্র অনুযায়ী মালামাল ব্যবহার না করে এবং কম মাল দিয়ে সঠিকভাবে রোলার ব্যবহার না করে এবং সঠিক উচ্চতা না দিয়ে কাজ সম্পন্ন করছে বলে অভিযোগপত্রে বলা হয়। পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মনিপুরঘাট হতে পৌরসভা পর্যন্ত সড়ক সংস্কার, মেরামত ও কার্পেটিং দিয়ে রাস্তা মেরামতের জন্য এক কোটি ৪৫ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়। কাজটি পায় মেসার্স ভাওয়াল কনস্ট্রাকশন। এক সপ্তাহ ধরে তারা রাস্তা সংস্কারকাজ শুরু করে। সরেজমিনে দেখা গেছে, বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা, জাহাঙ্গীরের মোড়সহ অন্তত ১০টি স্থানে শুক্রবার সামান্য বৃষ্টি হওয়ার পর কার্পেটিং উঠে গেছে। পাথর ও বিটুমিনের সামান্য প্রলেপ ছাড়া কিছুই নেই। নগুয়া এলাকার মতিউর রহমান ও এস রহমান বাবু জানান, পৌরসভার বাতি পরিদর্শক আলী মিয়াকে কার্যসহকারী হিসেবে এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঠিকাদারি কাজের কিছুই জানেন না। তা ছাড়া, বিদ্যুৎ প্রকৌশলী মো. শহীদুল্লাহকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। এক বিভাগের কর্মকর্তাকে অন্য বিভাগের দায়িত্ব দিলে ভালো কাজ হবে এমনটি আশা করা ঠিক হবে না। ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামরুজ্জামানসহ অন্তত ৩০ জন ওয়ার্ডবাসী জানান, কার্পেন্টিং করার পর একাধিকবার রোলার ব্যবহার করার কথা। কিন্তু একবার রোলার ব্যবহারের পর দ্বিতীয়বার রোলার ব্যবহার করছে না। ফলে দরপত্র মোতাবেক সঠিক পুরুত্ব (থিকনেস) পাওয়া যাচ্ছে না। কাজটি দেখভাল করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. জিল্লুর রহমান। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিম্নমানের কাজ করার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা দরপত্র মোতাবেক কাজ করছি।’ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সালাম জানান, ‘লিখিত অভিযোগ এখনো আমার হাতে এসে পৌঁছেনি। লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উল্লেখ্য, শহরের মনিপুরঘাট হতে পৌরসভা পর্যন্ত সড়কটি নিম্নমানের কাজ করে সংস্কার হচ্ছে এ অভিযোগ উত্থাপন করে ১৬ জানুয়ারি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে ৪০ জন যৌথ স্বাক্ষর করে পৌর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগে পাঠানো হয়।