দেড় কোটি টাকায় সংস্কার দেড় মাসেই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কার করার দেড় মাসের মধ্যেই ঝিনাইদহের মহেশপুর-যাদবপুর রুটের ১২ কিলোমিটার দীর্ঘ সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই সড়কের বিভিন্ন স্থানে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত ২৫ আগস্ট মহেশপুর উপজেলা পরিষদের সমন্বয় সভায় দেড় কোটি টাকা ব্যয়ের রাস্তা দেড় মাসে নষ্ট হয়ে যাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মহেশপুর উপজেলা প্রকৌশলী জাকারিয়া হোসেন দাবি করেছেন, ইতিমধ্যে তাঁরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়কের ওই অংশ আবার সংস্কার করার জন্য চিঠি দিয়েছেন। ঠিকাদার না করলে ওই কাজের জামানতের টাকা দিয়ে তাঁরা সংস্কার করবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মহেশপুর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা শহর থেকে সীমান্তবর্তী বাজার যাদবপুর পর্যন্ত এলজিইডির একটি সড়ক রয়েছে। ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি উপজেলা সড়ক হিসেবে পরিচিত। এলজিইডি কর্তৃপক্ষ এর আগে সড়কটি পাকা করেছিল। কিন্তু ভেঙে নষ্ট হয়ে যাওয়ায় সড়কটি আবার চলাচলের উপযোগী করতে এলজিইডি কর্তৃপক্ষ এটি সংস্কারের উদ্যোগ নেয়।দুই ভাগে মহেশপুর পোস্ট অফিস মোড় থেকে যাদবপুর বাজার পর্যন্ত এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী প্রথম অংশ সংস্কারে ৯৬ লাখ ৭৯ হাজার ৬৮২ এবং দ্বিতীয় অংশে ৫৩ লাখ ২৫ হাজার ৩৩৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম অংশের কাজটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ এন্টারপ্রাইজ এবং দ্বিতীয় অংশের কাজ ঝিনাইদহের মেসার্স শহর এন্টারপ্রাইজ পায়। গত মার্চে কাজ শুরু হয়ে জুলাই মাসের মাঝামাঝি শেষ করা হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই সড়কের মান্দারতলা বাজার থেকে শুরু করে যাদবপুর পর্যন্ত রাস্তায় অসংখ্য স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মান্দারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বাসিন্দা লিটন মণ্ডল অভিযোগ করেন, সড়কের কাজ নিম্নমানের হয়েছে। সড়ক থেকে পিচসহ খোয়া তুলে ইটভাঙা মেশিনে ভেঙে সেই খোয়াই রাস্তায় ফেলা হয়েছে। বাইরে থেকে তারা কোনো ইট বা পাথর আনেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শহর এন্টারপ্রাইজের মালিক আসাদুজ্জামান জানান, বৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে দ্রুত তিনি রাস্তাটি মেরামত করে দেবেন। তা ছাড়া রাস্তায় নানা সমস্যা থাকায় এটি নষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন।