আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি জোটের অংশীদার জামায়াতে ইসলামী সবচেয়ে বড় নারী নির্যাতনকারী ও যুদ্ধাপরাধী রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের সময় এ দলের নেতারা লাখ লাখ নারীকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। তাই নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়াকে আগে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে।গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনার বক্তব্য অনুযায়ী শতকরা ২০ ভাগ নারী অর্থাত্ এক কোটি ৬০ লাখ নির্যাতিতা নারীর নাম, ঠিকানা ও ঘটনাস্থল জাতির সামনে প্রকাশ করুন। তালিকা দিন। তথ্য-প্রমাণ দিন।’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে খালেদা জিয়া দাবি করেন, বর্তমান সরকারের আমলে দেশের শতকরা ২০ ভাগ নারী নির্যাতিত হয়েছেন। খালেদা জিয়ার দাবিকে ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক বিদ্বেষপ্রসূত এবং নির্জলা মিথ্যা মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর নারকীয় অভিযানে দেড় লক্ষাধিক নারী সম্ভ্রম হারিয়েছিলেন। অতীত অন্যায়-অত্যাচার ও দুঃসহ স্মৃতি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য খালেদা জিয়া এখন মিথ্যাচার করছেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, বিরোধী দল সরকারের অংশ। সুতরাং একজন দায়িত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আশা করি না। আমরা তাঁর কাছ থেকে গঠনমূলক সমালোচনা চাই।’সৈয়দ আশরাফ বলেন, ‘জামায়াতে ইসলামী এবং এর নেতা মাওলানা নিজামী, মুজাহিদ এবং যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধকালে আমাদের মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে। পরিকল্পিতভাবে তখন নারী নির্যাতন করা হয়েছিল। এখন যুদ্ধাপাধীদের বিচারের প্রক্রিয়া চলছে।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের সময় কতজন নারী ধর্ষিত হয়েছিলেন, কত নারীকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল তাদের মনোরঞ্জনের জন্য তা বেরিয়ে আসবে। তাই খালেদা জিয়া এখন আবোল-তাবোল বকছেন। সৈয়দ আশরাফ বলেন, ১৯৯৭ সালে তত্কালীন আওয়ামী লীগের সরকার একটি নারী উন্নয়ন নীতি ঘোষণা করেছিল। বাবার নামের সঙ্গে মায়ের নামের অন্তর্ভুক্ত, অবৈতনিক নারী শিক্ষা, সচিব, বিচারপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীতে নিয়োগ এবং ইউনিয়ন পরিষদে সরাসরি সদস্য নির্বাচনসহ নারীর ক্ষমতায়নের যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছিল। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই নারী নীতি বাতিল করেছিলেন। একজন নারী হয়েও নারীসমাজের প্রতি কার্যত তিনি বিশ্বাসঘাতকতা করেন। কারণ, নীতিগতভাবে বিএনপি-জামায়াত নারীর সমান অধিকার, সমান সুযোগ এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। তিনি বলেন, বর্তমান সরকার ১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ, নূহউল আলম লেনিন, দীপু মনি, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলি, সাগুফতা ইয়াসমিন এমিলি, মেহের আফরোজ চুমকি প্রমুখ উপস্থিত ছিলেন।