দেড় কোটি রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার ভোরে প্রায় দেড় কোটি রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।
আটক পাকিস্তানি নাগরিকের নাম মো. ইমতিয়াজ। তিনি আজ ভোর সাড়ে চারটার দিকে ইত্তেহাদ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে আবুধাবি থেকে ঢাকায় আসেন।
বিমানবন্দর শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উড়োজাহাজ থেকে নামার পর ইমতিয়াজের গতিবিধি লক্ষ করছিল শুল্ক কর্তৃপক্ষ। সাড়ে ছয়টার দিকে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ গ্রিন চ্যানেলে স্ক্যান করতে দেওয়া হয়। এ সময় ওই ব্যাগের ভেতর থেকে মোট এক কোটি ৪৭ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এগুলোর বেশির ভাগই এক হাজার রুপির নোট।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার জাকিয়া সুলতানা প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ইমতিয়াজের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।