দেড় ঘণ্টা চেষ্টা কাকুতি-মিনতি শেষে মৃত্যু
দেড় ঘণ্টা অনেক চেষ্টা ও কাকুতি-মিনতি জানানোর পরও বাঁচতে পারলেন না হতভাগ্য দুই যুবক। ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশায় ওই দুই যুবক ছিলেন। তাঁরা চট্টগ্রামের বোয়ালখালীতে গত শনিবার দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।নিহত ওই দুই যুবক হচ্ছেন পশ্চিম গোমদণ্ডী এলাকার লোকমান (২৪) ও একই এলাকার মো. ইদ্রিস (২৫)। এতে সালাউদ্দিন, মাসুদ ও ইব্রাহীম আহত হন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১২টায় উপজেলার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে আটকে যায়। অটোরিকশায় চালকসহ মোট পাঁচজন ছিলেন। স্থানীয় জনতা ও পুলিশ প্রথমে আটকে পড়া দুই যাত্রী মাসুদ ও ইব্রাহীমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, ট্রাকচাপায় অটোরিকশাটি এমনভাবে চ্যাপ্টা হয়ে গিয়েছিল যে অনেক চেষ্টার পরও অপর তিনজনকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। শেষে অটোরিকশার বিভিন্ন অংশের লোহার পাত কেটে রাত সোয়া একটায় তাঁদের উদ্ধার করা হয়। এতে অটোরিকশার যাত্রী লোকমান ও চালক ইদ্রিসের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। লোকমান ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে ইদ্রিস (২৫) মারা যান। উদ্ধার করা অপর যাত্রী সালাউদ্দিনের হাঁটুর নিচের অংশে বড় ধরনের ছিদ্র হয়ে গেছে। আহত অপর দুজনের মধ্যে মাসুদের কণ্ঠনালি ভেঙে গেছে।