দেড় ঘণ্টা রাস্তা আটকে মিছিল-সমাবেশ করল ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ব্যস্ততম দুটি এলাকা—পল্টন মোড় ও তোপখানায় প্রায় দেড় ঘণ্টা রাস্তা আটকে রেখে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। গতকাল শনিবার বিকেলে দলটির মিছিল-সমাবেশ চলাকালে পল্টন ও গুলিস্তান এলাকায় গাড়ির দীর্ঘ জট লেগে যায়। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের ‘চক্রান্ত’ বন্ধ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, ‘ধর্মহীন’ শিক্ষানীতি বাতিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে অপসারণসহ বিভিন্ন দাবিতে বেলা সাতে তিনটার দিকে মুক্তাঙ্গনে সমাবেশ করতে যায় ইসলামী আন্দোলন। তখন সেখানে আরেকটি সংগঠনের সমাবেশ চলায় ইসলামী আন্দোলনকে সেখানে যেতে দেয়নি পুলিশ। এরপর দলটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে বায়তুল মোকাররমের উত্তর ফটকের দিকে যায়। সেখান থেকে ঘুরে মিছিলটি তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এসে সমাবেশ শুরু করে। তখন পল্টন মোড় থেকে হাইকোর্টের সামনের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সাড়ে চারটার দিকে একজন পুলিশ কর্মকর্তা গিয়ে দলটির নেতাদের চলে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু দলটি সমাবেশ চালিয়ে যায়।কিছুক্ষণ পর সমাবেশ শেষ করে ইসলামী আন্দোলনের কর্মীরা মিছিল নিয়ে পল্টন মোড় পার হয়ে আজাদ প্রোডাক্টের সামনের গলিতে আবারও রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে। আধা ঘণ্টার মতো তারা স্লোগান দেয়। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য মুফতি মো. ফয়জুল করিম বলেন, ‘একদিন না একদিন সবাইকে বোরকা পরাতে হবে। শালীন পোশাক ছাড়া ইভ টিজিং বন্ধ করা সম্ভব না।’