দেড় ঘণ্টার প্রাণপণ চেষ্টা, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান বোঝাই ট্রাক দ্রুত গতিতে ছুটে চলছিল গন্তব্যে। একটি চাকা আকস্মিক ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের সামনের অংশ মহাসড়কের পাশে থাকা একটি বটগাছের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। ট্রাক ও গাছের চাপায় আটকে পড়েন চালক; পাশে থাকা দুই ব্যবসায়ী ও চালকের সহকারীর শরীর ক্ষতবিক্ষত হয়। মৃত্যুর মুখে দাঁড়িয়ে শুরু হয় আহত এই চারজনের বাঁচার লড়াই।প্রাণপণে চেষ্টা চালিয়েও তাঁরা ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হন। বিকট শব্দ ও চাপা পড়া ব্যক্তিদের গোঙানির শব্দে ছুটে আসে আশপাশের লোকজন। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে তাঁদের বের করে আনার প্রচেষ্টা। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। ট্রাকের ইঞ্জিনের কিছু অংশ কেটে অবশেষে তাঁদের বের করে আনা হয়। বাঁচার জন্য দীর্ঘ দেড় ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন চালক বাবু বিশ্বাস (৪৫) ও ধান ব্যবসায়ী সুধীন চন্দ্র শীল (৩৬)। মুমূর্ষু অবস্থায় চালকের সহকারী আলাউদ্দিনকে (২৪) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর ধান ব্যবসায়ী মো. আফাতুল্লাহকে (৪৬) দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আফাতুল্লাহর কাছ থেকে জানা যায় দেড় ঘণ্টা ধরে দুর্ঘটনাকবলিত চারজনের বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টার পর দুজনের হেরে যাওয়ার মর্মস্পর্শী কাহিনি।ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই উপজেলার পুনট বাজারসংলগ্ন বটতলীতে। দুর্ঘটনায় নিহত ধান ব্যবসায়ী সুধীন চন্দ্র শীলের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবি গ্রামে। ট্রাকচালক বাবু বিশ্বাসের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামে। আহত আলাউদ্দিনের বাড়ি ঈশ্বরদী উপজেলায় এবং ব্যবসায়ী আফাতুল্লাহর বাড়ি হাকিমপুর উপজেলায়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার মিনিট পাঁচেক আগে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারের একটি আড়ত থেকে ধান বোঝাই করে ট্রাকটি পাবনার ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেয়। পুনট বাজার থেকে মহাসড়কে উঠে বটতলা নামক স্থানে পৌঁছামাত্র ট্রাকের সামনের চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে ট্রাকটি দুর্ঘটনায় কবলিত হয়।