দেড় ঘণ্টার ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী ইসলামী কমিউনিটি হাসপাতালে গত শনিবার রাতে দেড় ঘণ্টার ব্যবধানে দুজন প্রসূতি মারা গেছেন। চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের অবহেলায় তাঁদের মৃত্যু হয় বলে অভিযোগ করে এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ করে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন হাসপাতালে গিয়ে তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন এবং হাসপাতালের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। হাসপাতালটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী থেকে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক ফাতেমা সিদ্দিকা প্রতি শুক্র ও শনিবার ইসলামী কমিউনিটি হাসপাতালে রোগী দেখতে আসেন। ঈশ্বরদী শহরের বিমানবন্দর এলাকার ব্যবসায়ী শাহিন উদ্দিনের প্রসূতি স্ত্রী রানী খাতুনকে (২৬) শনিবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয়। শাহিন বলেন, সন্ধ্যা সাতটার দিকে তাঁর স্ত্রীর অস্ত্রোপচার করেন চিকিৎসক ফাতেমা। তাঁর একটি সন্তান হয়। অস্ত্রোপচার করেই অন্য রোগী দেখতে চলে যান ফাতেমা। এর পরই তাঁর স্ত্রীর প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসককে আসার জন্য হাসপাতালের কর্মীদের খবর দিলেও ফাতেমা ব্যস্ততার অজুহাতে পরে আসবেন বলে জানান। এর কিছুক্ষণ পর রাত আটটার দিকে তাঁর স্ত্রী রানীর মৃত্যু হয়। একই ধরনের অভিযোগ করেন ঈশ্বরদী এস এম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল হাকিম। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় তিনি স্ত্রী মাসুমা খাতুনকে (৩০) হাসপাতালে নিয়ে যান। কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চিকিৎসক ফাতেমা তাঁর স্ত্রীর অস্ত্রোপচার করেন। রাত নয়টার দিকে মাসুমার সন্তান প্রসব হলে চিকিৎসক অস্ত্রোপচারকক্ষ থেকে বের হয়েই অন্য রোগী দেখতে শুরু করেন। ওই সময় তাঁর স্ত্রীর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। বিষয়টি বেশ কয়েকবার ফাতেমাকে জানালেও তিনি কর্ণপাত না করে বহির্বিভাগে অন্য রোগী নিয়ে ব্যস্ত ছিলেন। সাড়ে নয়টার দিকে প্রচণ্ড রক্তক্ষরণে মৃত্যু হয় মাসুমার।দুই প্রসূতির মৃত্যু হলেও তাঁদের নবজাতকেরা সুস্থ আছে। এদিকে দেড় ঘণ্টার ব্যবধানে দুই প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ঘেরাও করে। তারা সেখানে চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতাল বন্ধের দাবিতে বিক্ষোভ করে এবং ভাঙচুরের চেষ্টা চালায়। কিছুক্ষণ পর ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম পুলিশ নিয়ে হাসপাতালে যান এবং চিকিৎসক ফাতেমাকে থানায় নিয়ে আসেন।চিকিৎসক ফাতেমা সিদ্দিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে ঈশ্বরদী ইসলামী কমিউনিটি হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির আবু তালেব মণ্ডল ভুক্তভোগীদের সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা সততার সঙ্গে হাসপাতাল চালাচ্ছি। যে চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছে, তাঁর বিরুদ্ধে আমাদের কিছু করার নেই। কারণ আমরা চিকিৎসকের বিরুদ্ধে মামলা দিতে পারি না।’ ঈশ্বরদী থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, তাঁরা ক্ষতিগ্রস্ত রোগীদের পরিবারকে চিকিৎসকের বিরুদ্ধে মামলা করতে অনুরোধ করেছিলেন। কিন্তু রোগীর আত্মীয়রা পরে মামলা করবে বলে জানিয়েছেন। ওসি বলেন, নিয়মিত মামলা না থাকায় তাঁরা চিকিৎসক ফাতেমা সিদ্দিকাকে হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং পরিস্থিতি শান্ত হলে তাঁকে ছেড়ে দেন। যোগাযোগ করা হলে ঈশ্বরদীর ইউএনও জাকির হোসেন বলেন, রোগীর মৃত্যু এবং অনিয়মের কারণে ইসলামী কমিউনিটি হাসপাতাল ঘিরে জনরোষের সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে তালা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।