দেড় ঘণ্টার মাথায় ফের বিদ্যুৎ সরবরাহ বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়াই গত রোববার রাত তিনটা থেকে সোমবার বেলা দুইটা পর্যন্ত বরগুনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর গতকাল তা চালু হয়। কিন্তু দেড় ঘণ্টার মাথায় আবারও সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বরগুনা শহর ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অন্তত ৩৬ হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছে।
পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ওজোপাডিকো) বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ভান্ডারিয়া সাবস্টেশন থেকে বরগুনায় আসা ৩৩ কেভি মূল লাইনের ত্রুটির কারণে ৩৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল। মেরামত করার পর সরবরাহ
চালুর পর আবার মূল লাইনে ত্রুটি দেখা দেওয়ায় তা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওজোপাডিকোর কর্মকর্তারা আরও জানান, পিরোজপুরের ভান্ডারিয়া থেকে দুটি নদী পার হয়ে ৮৭ কিলোমিটার মূল সংযোগ লাইনটি বরগুনায় এসেছে। এর আওতায় বরগুনা শহরে ১১ হাজার ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় অন্তত ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পায়।
বরগুনা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান গতকাল বিকেলে বলেন, ‘অনেক চেষ্টা করে ৩৫ ঘণ্টা পর বিদ্যুৎ-সংযোগ পুনঃস্থাপন করা গিয়েছিল। এরপর আবার মূল লাইনে ত্রুটি দেখা দিয়েছে। ৮৭ কিলোমিটার মূল লাইন এতটাই নড়বড়ে যে সামান্য বাতাস বা বৃষ্টি হলেই ত্রুটি দেখা দেয়। আবার এই লাইন বাড়িঘর, বন-বাদাড় পার হয়ে এখানে এসেছে, তাই ত্রুটি দেখা দিলে দীর্ঘ সময় লেগে যায়। আমরা মাঠে আছি। কোথায় ত্রুটি হয়েছে, তা অনুসন্ধানে কাজ করছি।’