দেড় ঘণ্টায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন সমুদ্রপথে গতকাল রোববার থেকে আরও একটি নতুন জাহাজ চলতে শুরু করেছে।
এটি মাত্র দেড় ঘণ্টায় পর্যটকদের টেকনাফ থেকে সেন্ট মার্টিন পৌঁছে দেবে বলে জাহাজটির কর্তৃপক্ষ দাবি করেছে। প্রায় ৩৪ কিলোমিটারের ওই পথ পাড়ি দিতে এখন অন্য জাহাজে গড়ে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে।
গতকাল দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে জাহাজ চলাচলের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ মোস্তাক আহমেদ চৌধুরী।
নতুন জাহাজটির নাম এমভি গ্রিন লাইন-১। ১৩০ আসনের দ্বিতল এই জাহাজের দৈর্ঘ্য ২০ দশমিক ৪০ মিটার এবং প্রস্থে ছয় মিটার। প্রতিদিন সকাল নয়টায় জাহাজটি টেকনাফ ছেড়ে যাবে। সেন্ট মার্টিন থেকে বিকেল পাঁচটায় আবার টেকনাফের উদ্দেশে যাত্রা করবে। ইকোনমি ক্লাসে ১১৫টি আসন রয়েছে। ভাড়া জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা। বিজনেস ক্লাস দ্বিতীয় তলায়, আসন ১৫টি, ভাড়া তিন হাজার টাকা।
পর্যটকের নিরাপদ সমুদ্রভ্রমণ এবং দ্রুত যাতায়াত নিশ্চিত করতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ নৌপথে চালু করেছে অত্যাধুনিক ও শীতাতপনিয়ন্ত্রিত এই জাহাজ। সড়কপথের পাশাপাশি নৌপথেও পরিবহন ব্যবসা শুরু করল গ্রিন লাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ আশরাফ খান। বক্তব্য দেন গ্রিন লাইন পরিবহনের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা প্রমুখ।