দেড় দশকেও সংস্কার হয়নি, লাখো মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের চিতোষী থেকে নোয়াখালীর চাটখিল পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক দেড় দশক ধরে সংস্কার হচ্ছে না। সড়কের চিতোষী বাজার থেকে ছয় কিলোমিটারের প্রায় পুরোটাই বেহাল। এই অংশে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে সরু সড়ক ভেঙে আরও সরু হয়ে গেছে। যানবাহনে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের।
সওজ ও স্থানীয় সূত্র জানায়, চিতোষী-চাটখিল সড়ক ২০০১ সালে পাকা করা হয়। এরপর আর সংস্কারকাজ হয়নি। চিতোষী বাজার থেকে ডাকাতিয়া নদী পার হয়ে দক্ষিণ দিকে সড়কটি মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ বাজার হয়ে চাটখিল উপজেলার সদরে যুক্ত হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি, কুমিল্লার মনোহরগঞ্জ ও নোয়াখালীর চাটখিল উপজেলার সীমান্তবর্তী এলাকার লাখো মানুষ সড়কটি ব্যবহার করে। এ সড়ক দিয়ে তারা রাজধানী ঢাকা, কুমিল্লা, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে যান। সড়কটিতে মূলত মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। এ ছাড়া ব্যবসায়ীরা পিকআপ ভ্যান ও ট্রলি ব্যবহার করে পণ্য পরিবহন করেন। এর মধ্যে চিতোষী বাজার থেকে চাটখিলের নাওতলা পর্যন্ত ছয় কিলোমিটার ভাঙাচোরা। সড়কের এ অংশই যত ভোগান্তির কারণ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চিতোষী বাজার থেকে দক্ষিণে নাটেশ্বর দিঘি। সেখানে সড়ক ভেঙে সরু হয়ে গেছে। পানচাইল গ্রামের মোড়ে সড়ক ভেঙে পাশের জমির সঙ্গে মিশে গেছে। পানচাইল মোড় থেকে হাসনাবাদ পর্যন্ত সড়কে অসংখ্য খানাখন্দ।
স্থানীয় রিকশাচালক দুলাল মিয়া বলেন, ‘ভাঙাচোরা সড়কের কারণে মানুষ রিকশায় উঠতে চায় না। যাত্রীর জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। রুজি-রোজগার না থাকায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে আছি।’
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও শান্তিনগর গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলাম গত ৪ ফেব্রুয়ারি রাতে হাসনাবাদ থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। গর্তের মধ্যে গাড়ি পড়ে তিনি মেরুদণ্ডে আঘাত পান। মফিজুল ইসলাম বলেন, ‘এখনো ব্যথায় ভুগছি। দীর্ঘদিন ধরে সড়ক বেহাল হলেও সংস্কার করা হচ্ছে না।’
চিতোষী আর এম উচ্চবিদ্যালয়ের ছাত্রী সীমা আক্তার ও রুবি খাতুন জানায়, ভাঙা সড়কে সব সময় ধুলাবালু উড়তে থাকে। পাশ দিয়ে গাড়ি গেলে ধুলাবালু চোখেমুখে ঢুকে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আমিনুল হক বলেন, তিন উপজেলার সীমান্তবর্তী এলাকায় সড়কটি হওয়ায় কেউ এটির সংস্কারকাজ করতে চায় না। তবে চাটখিল উপজেলা অংশ যান চলাচলের উপযোগী রয়েছে।
চাঁদপুর সওজের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন, ২০০৪ সালে জেলা পরিষদ থেকে নোয়াগাঁও-চিতোষী-চাটখিল সড়কটি সওজের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর সড়কটি স্থায়ীভাবে মেরামত করা সম্ভব হয়নি। সাময়িক মেরামত করে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে। সড়কটি পুনর্নির্মাণের জন্য একটি গুচ্ছ প্রস্তাব তৈরির কাজ চলছে। পরে প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।