দেড় বছর ধরে বন্ধ ওজননিয়ন্ত্রণ স্টেশন
মন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের তিন দিন পরই পঞ্চগড় শহরের শিংপাড়ায় অবস্থিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ওজন নিয়ন্ত্রণ স্টেশনটি বন্ধ হয়ে যায়। এরপর দেড় বছর পেরিয়ে গেলেও সেটি এখনো চালু হয়নি।
পঞ্চগড়ের ওজন নিয়ন্ত্রণ স্টেশনটি (এক্সেল লোড কন্ট্রোল স্টেশন) দেড় বছরের বেশি সময় ধরে অচল পড়ে থাকায় অতিরিক্ত মালামাল বোঝাই করে চলাচল করছে পণ্যবাহী বিভিন্ন যানবাহন। এতে হুমকিতে পড়েছে জাতীয় মহাসড়কসহ জেলার অভ্যন্তরে থাকা সেতুগুলো।
শিংপাড়া এলাকার ওই ওজন নিয়ন্ত্রণ স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে ১৫ জন আনসার সদস্য প্রহরীর দায়িত্ব পালন করছেন। এ সময় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রহরী (আনসার) বলেন, চীনের তৈরি ওই ওজন পরিমাপক যন্ত্রটি (পোর্টেবল ইলেকট্রনিক ওয়ে স্কেল) অত্যন্ত নিম্নমানের হওয়ায় মাত্র তিন দিনের মাথায় সেটি নষ্ট হয়ে গেছে।
জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন ঠেকাতে শিংপাড়ায় ওজন নিয়ন্ত্রণ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নেয় সওজ। ওজন নিয়ন্ত্রণ স্টেশনটি নির্মাণের জন্য সরকারের রাজস্ব তহবিল থেকে ২০১৩-১৪ অর্থবছরে ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অবকাঠামো ও চীন থেকে আনা বৈদ্যুতিক যন্ত্রটি স্থাপনের পর ২০১৪ সালের ২৫ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওজন নিয়ন্ত্রণ স্টেশনটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর ওজন স্টেশন পরীক্ষামূলকভাবে চালু করা হয়। সে সময় প্রায় প্রতিটি ট্রাকেই মালামালের (পাথর, বালিসহ অন্যান্য) ওজন মাত্রাতিরিক্ত পাওয়া যায়। কিন্তু তিন দিন পরই এটি বিকল হয়ে যায়।
জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) তানভীর সিদ্দিকী বলেন, ‘বিকল যন্ত্রটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কবে নাগাদ তা মেরামত হবে, তা বলা যাচ্ছে না।