দেড় বছর পর জানলেন স্বামী ‘জিনের বাদশা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার মধুপুর গ্রামের জেমি খাতুনের স্বপ্ন ছিল চাকরি করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু ডিগ্রি পাসের পর তাঁর বিয়ে হয়ে যায়। দেড় বছর ঘর করার পর জানতে পারেন স্বামী একজন প্রতারক জিনের বাদশা। এরপর তিনি স্বামীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। কিন্তু এর মধ্যে জেমির বাবা প্রায় সর্বস্ব হারিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, জেমির বাবা রফিকুল ইসলাম গাইবান্ধা নিজাম উদ্দিন উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী। চাচা শফিকুল ইসলাম ওরফে শফি ১৫ বছর আগে হারিয়ে যাওয়া ভাতিজা মিলনকে যশোর থেকে পাওয়া গেছে বলে দাবি করেন। শফিকুল ইসলাম চকলেট চৌধুরী নামের এক প্রতারককে মিলন বলে চালিয়ে দেন। ২০০৯ সালের ২৬ নভেম্বর চকলেট চৌধুরী জেমিদের বাড়িতে এসে মিলনের অভিনয় শুরু করেন। তাঁর অভিনয়ে মিলনের বাবা আবদুর রশিদও হারানো ছেলে ফিরে এসেছে বলে বিশ্বাস করেন। এই সুযোগে শফি ওই বছরের ৪ ডিসেম্বর কথিত মিলনের সঙ্গে জেমি খাতুনের (২৪) বিয়ে দেন।বিয়ের পর থেকে রফিকুল ইসলাম মেয়েজামাইয়ের ভরণপোষণ চালাতে থাকেন। জেমি ছেলেসন্তানের (তৌহিদ নয় মাস) মা হন। রফিকুলের সম্পদ বলতে বসতভিটা, চার বিঘা জমি ও ২৩ শতক জমির ওপর একটি ধানের চাতাল। বিয়ের কয়েক দিন পর চকলেট চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসার জন্য শ্বশুরের কাছ থেকে দফায় দফায় ১০ থেকে ২০ হাজার করে টাকা নিতে থাকেন। এভাবে চার বিঘা জমি, ছয় ভরি সোনা ও ধানের চাতাল বিক্রি করে প্রায় ১৫ লাখ টাকার জোগান দেন রফিকুল ইসলাম। তার পরও টাকার চাপ দিলে বাধ্য হয়ে রফিকুল চড়া সুদে বেতনের চেক বন্ধক রেখে জামাতাকে এক লাখ টাকা দেন। সেই টাকা এখন সুদ-আসলে চার লাখ টাকায় দাঁড়িয়েছে। এমনকি শফির প্ররোচনায় বিয়ের পাঁচ-ছয় মাস পর জেমির পরিবারকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। জেমি বলেন, টাকা চাওয়ার কারণ জানতে চাইলে চকলেট পাগলামি করতেন। এ ছাড়া চকলেট চৌধুরীর প্রথম স্ত্রী আত্মীয় পরিচয় দিয়ে মুঠোফোনে জেমিকে চকলেটের সঙ্গে ঝগড়া করতে নিষেধ করতেন।মুঠোফোনের সূত্র ধরে রফিকুল ইসলাম গত ১১ এপ্রিল গোবিন্দগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামে যান। সেখানে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন চকলেট চৌধুরী তিন সন্তানের জনক ও একজন প্রতারক জিনের বাদশা। এ নিয়ে জেমি খাতুন গত ২৬ মে স্বামী চকলেট চৌধুরী, চাচা শফিকুল ইসলাম, চকলেট চৌধুরীর ভাই শামিম মিয়া, প্রথম স্ত্রী শান্ত্বনা খাতুন, শান্ত্বনার বাবা আবুল কালাম, মা জমিলা বেগমকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, চকলেটকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।তবে জেমি খাতুন অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার জন্য চকলেট চৌধুরী মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বিষয়টি পুলিশকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।গোবিন্দগঞ্জ উপজেলায় জিনের বাদশা নামে একটি প্রতারক চক্র কণ্ঠ পরিবর্তন করে গুপ্তধন দেওয়ার কথা বলে মানুষের টাকা লুটে নিচ্ছে। এ নিয়ে প্রথম আলোতে জিনের বাদশা থেকে সাবধান শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।