দেড় বছর পর তোলা হলো গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছর পর ফরিদপুরের বোয়ালমারীর সত্তরকান্দা গ্রামে কবর থেকে তোলা হলো সুমি আক্তার নামের এক গৃহবধূর লাশ। পুনঃ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ সোমবার লাশটি তোলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাত বছর আগে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের শহীদুল মোল্লার সঙ্গে সুমির বিয়ে হয়। ২০১৪ সালের ২০ আগস্ট সকালে সুমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তখন তাঁর স্বামীর দাবি ছিল, সুমি বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সালথা থানায় অপমৃত্যু মামলা হয়। এরপর বাবার বাড়িতে পারিবারিক কবরস্থানে সুমির লাশ দাফন করা হয়।
পুলিশ জানায়, সুমির বাবা মোস্তফা কামাল সৌদিপ্রবাসী। তিনি সম্প্রতি দেশে ফেরেন। গত বছরের ২৭ নভেম্বর যৌতুকের জন্য সুমিকে হত্যার অভিযোগ এনে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হত্যা মামলা করেন তিনি। আদালত লাশ পুনঃ ময়নাতদন্তের নির্দেশ দেন। আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সালাউদ্দিন আহম্মেদের উপস্থিতিতে সুমির লাশ তোলা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, লাশ পুনঃ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।